২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের লাভ ১ কোটি ৩০ লাখ ইউরো

করোনাভাইরাসের প্রকোপের তিন বছরেও লাভ করেছে মাদ্রিদের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 08:35 PM

Updated : 13 Sep 2022, 08:42 PM

কোভিড-১৯ মহামারীর মধ্যে অনেক ফুটবল ক্লাব যেখানে আয়-ব্যয়ের সামঞ্জস্য রাখতে হিমশিম খাচ্ছে, সেখানে রিয়াল মাদ্রিদ লাভের মধ্যেই আছে। ২০২১-২২ অর্থবছরে স্প্যানিশ ক্লাবটি এক কোটি ৩০ লাখ ইউরো লাভ করেছে।

তবে করোনাভাইরাসের প্রভাব ক্লাবের মোট রাজস্ব আয়ে এখনও প্রভাব ফেলছে বলে জানিয়েছে তারা।  

মাদ্রিদের দলটি মঙ্গলবার দেওয়া বিবৃতিতে গত অর্থবছরের হিসাব বিশদভাবে জানিয়েছে। কোভিড-১৯ প্রকোপের তিন বছরেই লাভ করেছে তারা।

গত মৌসুম মাঠেও দারুণ কেটেছে রিয়ালের। লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে তারা ঘরে তুলেছে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতেছে দলটি।

সান্তিয়াগো বের্নাবেউয়ের অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাদে গত ৩০ জুন তাদের জমা অর্থের পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ইউরো। ২০২০ সালের মার্চ থেকে তাদের আয় কমেছে ৪০ কোটি ইউরো।

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্প বাদে গত ৩০ জুন পর্যন্ত তাদের মোট ঋণের পরিমাণ ২৬ কোটি ৩০ লাখ ইউরো।