২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস দলে ৫ নতুন মুখ

নেশন্স লিগে পোল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তারা।

নেদারল্যান্ডস দলে ৫ নতুন মুখ

প্রথমবার নেদারল্যান্ডস জাতীয় দলে ডাক পেলেন আয়াক্সের দুই খেলোয়াড় ব্রায়ান ব্রবি (বাঁয়ে) ও কেনেথ টেইলর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 07:41 PM

Updated : 02 Sep 2022, 08:49 PM

এগিয়ে আসছে কাতার বিশ্বকাপ। বৈশ্বিক আসরের জন্য আদর্শ স্কোয়াড গড়ার অভিযানে নেমে পড়েছেন নেদারল্যান্ডস কোচ লুই ফন খাল। নতুন পাঁচ জন খেলোয়াড়কে নেশন্স লিগে পোল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ডেকেছেন তিনি।

ম্যাচ দুটির জন্য শুক্রবার ৩২ সদস্যের দল ঘোষণা করেন ফন খাল। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া পাঁচ জন হলেন- ব্রায়ান ব্রবি, আন্দ্রিয়াস নোপের্ত, পাসকাল স্ট্রাউক, কেনেথ টেইলর ও জয়ি ফিয়ারমান।

২০ বছর বয়সী স্ট্রাইকার ব্রবি ও তার সমবয়সী মিডফিল্ডার টেইলর এই মৌসুমে আয়াক্সের হয়ে নিয়মিত খেলছেন। আরেক মিডফিল্ডার ফিয়ারমান পিএসভি আইন্দহোভেনের হয়ে খেলছেন। দুই দলই ডাচ লিগে তাদের প্রথম চার ম্যাচে জিতেছে।

২৮ বছর বয়সী গোলরক্ষক নোপের্ত সম্প্রতি ডাচ ক্লাব ভিয়েরেনফিনে যোগ দিয়েছেন। ইংলিশ ক্লাব লিডসে ইউনাইটেডে খেলেন ২৩ বছর বয়সী ডিফেন্ডার স্ট্রাউক।

আগামী শুক্রবার স্কোয়াড আরও ছোট করবেন ফন খাল। ২২ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ও ২৫ সেপ্টেম্বর নিজেদের মাঠে বেলজিয়ামের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত আছে নেদারল্যান্ডস। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডাচরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বেলজিয়াম দুইয়ে, ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে ওয়েলস।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস কাতারে হতে যাওয়া টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে। যেখানে তাদের সঙ্গী স্বাগতিক কাতার, একুয়েডর ও সেনেগাল।

এবার বিশ্বকাপের জন্য ২৬ জন খেলোয়াড় স্কোয়াডে রাখা যাবে। স্কোয়াডের তালিকা জমা দেওয়ার শেষ দিন ২০ অক্টোবর। আর বিশ্বকাপ শুরু ২০ নভেম্বর।