মেসি-এমবাপে-নেইমার আক্রমণত্রয়ী ‘ভাঙবে না’ পিএসজি
খুব প্রয়োজন না পড়লে আক্রমণভাগে বদল আনবেন না পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।
সময়ের সেরাদের তিন জনে গড়া আক্রমণভাগ কেউই ভাঙতে চাওয়ার কথা নয়। চায় না পিএসজিও। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারের ত্রিফলা আক্রমণভাগ ধরে রাখতে চান কোচ ক্রিস্তফ গালতিয়ে।
মৌসুমের শুরু থেকে এমবাপের দলছুট হওয়ার গুঞ্জন চলছে। এর মধ্যেই এই ত্রয়ী জ্বলে উঠছেন; পরস্পরকে সহযোগিতা করে পথ দেখাচ্ছেন পিএসজিকে।
বার্সেলোনার সাবেক দুই ফরোয়ার্ড নেইমার ও মেসি সেরা ছন্দে ফিরেছেন। দুজনে যথাক্রমে পিএসজির ২২টি ও ২৩টি গোলের সঙ্গে সম্পৃক্ত থেকে দিয়েছেন সমর্থকদের প্রত্যাশার প্রতিদান।
সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে ম্যাচেও দেখা গেছে তিন তারকার ঝলক। পিএসজির ৭-২ ব্যবধানের জয়ে জোড়া গোল উপহার দেন মেসি ও এমবাপে; একটি গোল করেন নেইমার।
লিগ ওয়ানে শনিবার তোয়ার মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচ সামনে রেখে আক্রমণত্রয়ী নিয়ে পরিকল্পনা জানান গালতিয়ে।
“তাদের ক্লান্তির অবস্থার ওপর নির্ভর করবে তারা খেলবে কি-না। এই মৌসুমে ৫০ গোলের ৪০টি করেছে তারা। তাই এটা (তিন জনের খেলা) তাদের ফর্মের ওপর নির্ভর করবে না।”
“আমাদের এই ইতিবাচকতা আছে এবং আমরা এটা ধরে রাখতে চাই। সাম্প্রতিক সপ্তাহে মেডিকেল স্টাফরা চমৎকার কাজ করেছে। ছেলেরা ভালো আছে; যেখানে এই ইতিবাচকতা আছে, আমরা এটা বজায় রাখব।”
১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে তোয়া। লিগে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য গালতিয়েরের, কিন্তু ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে তাকে।
আগামী বুধবার ইউভেন্তুসের বিপক্ষে তুরিনে খেলতে যাবে পিএসজি। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোর মধ্যে ভারসাম্য আনতে দলে অদল-বদল করার ভাবনাও আছে গালতিয়েরের।
“তোয়ার বিপক্ষে জয়ের একটা বাধ্যবাধকতা আমাদের আছে। সপ্তাহের মাঝামাঝিতে তুরিনে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের প্রচুর ধকলও থাকবে। ম্যাচের এই সময়কালের কারণে তাই অন্য খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আছে।”
