২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলান্ডের আরেকটি হ্যাটট্রিক এবং সিটির গোল উৎসব

প্রিমিয়ার লিগে নিজের প্রথম পাঁচ ম্যাচে ৯ গোল করে রেকর্ড গড়লেন তরুণ এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 02:20 AM

Updated : 01 Sep 2022, 06:06 PM

চার দিনের ব্যবধানে আবারও দেখা মিলল আর্লিং হলান্ডের ভয়ঙ্কর রূপ। ২৬ মিনিটের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ম্যাচের গতিপথ ঠিক করে দিলেন নরওয়ের এই স্ট্রাইকার। বিরতির পরও দাপুটে ফুটবল খেলল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর কোনো উপায়ই যেন জানা ছিল না নটিংহ্যাম ফরেস্টের।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। জোড়া গোল করেন হুলিয়ান আলভারেস এবং একটি করেন জোয়াও কানসেলো।

আগের চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ বার বল পাঠানো সিটি এদিনও শুরুটা করে দুর্দান্ত। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

প্রথম গোলের দেখা মেলে দ্বাদশ মিনিটে। বাঁ দিক থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান ফিল ফোডেন। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের প্রবল বাধা এড়িয়ে বুদ্ধিদীপ্ত ছোঁয়ায় পোস্ট ঘেঁষে বল জালে জড়ান হলান্ড।

প্রিমিয়ার লিগে এই নিয়ে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জালের দেখা পেলেন হলান্ড।

১১ মিনিট পর আবারও গোল উদযাপন করেন জুলাইয়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে আসা তরুণ তারকা।

তার চাপের মুখে বের্নার্দো সিলভাকে বল দিয়ে বসেন সফরকারী গোলরক্ষক। সেখান থেকে আক্রমণ গড়ে সিটি। শট নেওয়ার মতো পজিশনে থেকেও আরও নিশ্চিত হতে বাঁ দিকে ফোডেনকে বল বাড়ান হলান্ড। তবে শট নেওয়ার মুহূর্তে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে যান ফোডেন এবং ফের বল পেয়ে যান হলান্ড। বিনা বাধায় প্লেসিং শটে বাকি কাজ সারেন তিনি।

কিছুক্ষণ পর কাছ থেকে জালে বল জড়িয়েছিলেন জন স্টোনস। তবে বাজে অফসাইডের বাঁশি। অবশ্য নটিংহ্যামের স্বস্তির অবকাশ ছিল না।

৩৮তম মিনিটে আবারও গোল হজম করে তারা। এবার কর্নারে স্টোনসের হেড পাস গোলমুখে পেয়ে হেডেই গোলটি করেন হলান্ড। হয়ে যায় তার টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক।

গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে উদ্ধার করতে ১৯ মিনিটে হ্যাটট্রিকে করেছিলেন হলান্ড। এবার সময় একটু বেশি নিলেন, ২৬ মিনিট।

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার ঘটনা এই নিয়ে দেখা গেল আটবার। এর আগে এটা করে দেখিয়েছেন লেস ফার্ডিনান্ড, ইয়ান রাইট, থিয়েরি অঁরি, দিদিয়ের দ্রগবা, ওয়েইন রুনি ও হ্যারি কেইন (দুবার)।

আর সিটির জার্সিতে লিগের এক আসরে একাধিক হ্যাটট্রিক করা চতুর্থ খেলোয়াড় হলেন হলান্ড। অন্য তিন জন হলেন-সের্হিও আগুয়েরো (চারবার), রাহিম স্টার্লিং ও কার্লোস তেভেস।

আসরে হলান্ডের মোট হলো ৯টি, প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম পাঁচ ম্যাচে যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। ছাড়িয়ে গেলেন সাবেক দুই ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো ও মিকি কুইনের ৮ গোলের রেকর্ড।

৪৪তম মিনিটে ব্যবধান হতে পারত আরও বড়। তবে আরভারেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৪-০ করে সিটি। ৫০তম মিনিটে বের্নার্দো সিলভার পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন জোয়াও কানসেলো। আর ৬৫তম মিনিটে ছয় গজ বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে প্রিমিয়ার লিগে গোলের খাতা খোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ফোডেনকে তুলে নিয়েছিলেন কোচ। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ৬৮তম মিনিটে হলান্ড ও জোয়াও কানসেলোকে তুলে নেন গুয়ার্দিওলা।

নটিংহ্যামের জালে ৮৭তম মিনিটে দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেস। মাহরেজের শট গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি।

জয়ের ধারা ধরে রেখেছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। টানা ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।