Published : 26 Aug 2022, 10:10 PM
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না অঁতনি মার্সিয়ালের। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম দুই ম্যাচ মিস করার পর তিনি মাঠে ফেরেন লিভারপুলের বিপক্ষে। তবে ওই ম্যাচ খেলে আবারও ছিটকে গেলেন এই ফরাসি ফরোয়ার্ড।
মার্সিয়াল গোড়ালির গাঁটের চোটে ভুগছেন বলে শুক্রবার সংবাদমাধ্যমকে জানান ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
তাকে হারানোর মাঝে একটা ভালো খবরও আছে ইউনাইটেড সমর্থকদের জন্য। মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। শনিবার সাউথ্যাম্পটনের মাঠে অভিষেক হতে পারে তার।
ইউনাইটেড এবার প্রিমিয়ার লিগ মিশন শুরু করে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলের হার দিয়ে। এরপর ব্রেন্টফোর্ডের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। ওই দুই ম্যাচ খেলতে পারেননি মার্সিয়াল।
গত সোমবার লিভারপুলকে ২-১ গোলে হারায় এরিক টেন হাগের দল। ম্যাচটিতে মার্সিয়ালের থ্রু পাস ধরে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। কিন্তু এক ম্যাচ পরই আবার বাইরে চলে গেলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।
কোচ টেন হ্যাগ অবশ্য পঞ্চম রাউন্ডেই তাকে পাওয়ার আশা করছেন। “মার্সিয়াল ফিট নয়। সে গোড়ালির গাঁটের সমস্যায় ভুগছে। তাই তার ব্যাপারে আমরা অপেক্ষা করব। তার সেরে উঠতে কতটা সময় লাগবে, সেটা ঠিক বলতে পারছি না। তবে আমরা আশাবাদী লেস্টার সিটির বিপক্ষে পরের ম্যাচে সে খেলতে পারবে।”
লিভারপুলের বিপক্ষে দলের জয়ের দিন গ্যালারিতে ছিলেন কাসেমিরো। এবার নতুন সতীর্থদের সঙ্গে ম্যাচে নামার পালা। সাউথ্যাম্পটনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি সেরে রেখেছেন কাসেমিরো। কোচও তেমন আভাস দিলেন।
“কাসেমিরো প্রস্তুত। সে সবগুলো অনুশীলন সেশন করেছে। প্রথমে সে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছে এবং গত কয়েক দিন দলের সঙ্গে অনুশীলন করেছে।
” লিভারপুলের বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলেও জানালেন টেন হাগ। “দলের স্পিরিট আগে থেকেই ভালো, এখন সেটা আরও ভালো (লিভারপুলের বিপক্ষে জয়ের পর থেকে)।
তবে এটা মাত্র তো একটা ম্যাচ, তাই আমাদের আরও গুছিয়ে উঠতে হবে, উন্নতি করতে হবে। সবাই এ বিষয়ে সচেতন।”