২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার অনায়াস জয়

শুরুতে ও শেষে পোস্ট আর ক্রসবার বাধা হয়ে দাঁড়ানোয় হ্যাটট্রিক হয়নি লেভানদোভস্কির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 01:37 AM

Updated : 29 Aug 2022, 02:06 AM

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। আক্রমণভাগে আলো ছড়ালেন তার সতীর্থরাও। ম্যাচের প্রায় পুরোটা সময় প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখে আরেকটি সহজ জয় তুলে নিল বার্সেলোনা।

কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শাভি এরনান্দেসের দল।

শুরুতে ও শেষে পোস্ট আর ক্রসবার বাধা হয়ে দাঁড়ানোয় হ্যাটট্রিক হয়নি লেভানদোভস্কির। তাদের অন্য দুই গোলদাতা পেদ্রি ও সের্হি রবের্তো।

টানা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠাল বার্সেলোনা। আগের ম্যাচে রিয়াল সোসিয়দাদক ৪-১ গোলে হারিয়েছিল তারা।

ভাগ্য সহায় হলে দ্বাদশ মিনিটেই গোলের দেখা পেত বার্সেলোনা। তবে ডান দিক থেকে রাফিনিয়ার ক্রসে লেভানদোভস্কির হেড দূরের পোস্টে বাধা পায়। তারপরও সুযোগ ছিল। বল ওই পোস্টে লেগে চলে আসে আরেক পোস্টের কাছে, কিন্তু প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি পোলিশ তারকা।

২২তম মিনিটে তাদের সামনে আবারও দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়। এবার উসমান দেম্বেলের জোরাল শট ক্রসবার কাঁপায়।

দ্বিতীয় দফায় সুবর্ণ সুযোগ নষ্টের দুই মিনিট পর অপেক্ষা শেষ হয় বার্সেলোনার। ডান দিক থেকে রাফিনিয়ার বাড়ানো ক্রস দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, শেষ মুহূর্তে পা ছুঁইয়ে বলের দিক পাল্টে উল্লাসে মাতেন লেভানদোভস্কি।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের বাধা এড়িয়ে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান দেম্বেলে। আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

দারুণ নৈপুণ্যে ৬৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান লেভানদোভস্কি। দেম্বেলের ছোট করে বাড়ানো বল বক্সে পেয়ে আলতো দুই ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেওয়ার মাঝেই অসাধারণ এক ব্যাকহিলে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে লক্ষ্যে পাঠান গত দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

গত মাসে বায়ার্ন মিউনিখ থেকে আসা তারকা স্ট্রাইকারের লা লিগায় গোল হলো চারটি। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি।

যোগ করা সময়ে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হয় লেভানদোভস্কির। তার শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, বল তার হাতে লেগে ক্রসবারে বাধা পায়। এরপর ফিরতি বল ফাঁকায় পেয়ে স্কোরলাইন ৪-০ করেন রোনালদ আরাহোর বদলি নামা রবের্তো।

রায়ো ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্রয়ে মৌসুম শুরুর পর টানা দুটি ম্যাচ জিতল বার্সেলোনা। তিন ম্যাচে তাদের পয়েন্ট হলো ৭।