২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে মেট্রো বরিশালের জয়

চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন মালয়েশিয়ার আখিমুল্লাহ ইসোক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 08:31 PM

Updated : 29 Oct 2022, 11:44 PM

আক্রমণ, পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও শুরুর দুই কোয়ার্টারে গোল পেল না কোনো দল। তৃতীয় কোয়ার্টারে মেট্রো এক্সপ্রেস বরিশাল এগিয়ে যাওয়ার পর পাল্টা জবাব দিল ওয়ালটন ঢাকাও। শেষ পর্যন্ত অবশ্য জয়ের হাসি বরিশালেরেই। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ২-১ গোলে জিতে শুভসূচনা করেছে বরিশাল। জয়ী দলের দুই গোলদাতা দীন ইসলাম ও আখিমুল্লাহ ইসোক। ওয়ালটনের একমাত্র গোলটি রকিবুল হাসান রকির। 

তৃতীয় কোয়ার্টারে তৃতীয় মিনিটে এগিয়ে যায় বরিশাল। মামুনুর রহমান চয়নের হিটে দীন ইসলামের আলতো ফ্লিকে পরাস্ত গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন। 

একটু পরই সমতায় ফেরে ঢাকা। সার্কেলের ভেতর থেকে রকির প্রথম হিট আটকালেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক অসীম গোপ; ফিরতি হিটে দলকে স্বস্তি এনে দেন রকি। 

চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন আখিমুল্লাহ। সার্কেলে ঢুকে জায়গা করে নিয়ে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন মালয়েশিয়ার এই খেলোয়াড়।

ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন আখিমুল্লাহ।

মোনার্ক পদ্মাকে উড়িয়ে দিল চট্টগ্রাম

দিনের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে একমি চট্টগ্রাম। মোনার্ক পদ্মাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা।

সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করেছিল চট্টগ্রাম। আর রূপায়ন সিটি কুমিল্লার কাছে ৩-২ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা পদ্মা টানা দুই ম্যাচ হারল।

প্রথম মিনিটে প্রথম আক্রমণ থেকে রিভার্স হিটে চট্টগ্রামকে এগিয়ে নেন দেবিন্দর বালমিকি। ২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হাসান যুবায়ের নিলয়ের পুশে রেজাউল করিম বাবু স্টপ করার পর বালমিকিই ড্র্যাগ ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন। ২৫তম মিনিট হ্যাটট্রিক পূরণ করেন ভারতের এই ফরোয়ার্ড। চলতি আসরে এটি প্রথম হ্যাটট্রিক।

এরপর পদ্মা এক গোল শোধ করে সাইফ খানের লক্ষ্যভেদে। কিন্তু পরে ঘুরে দাঁড়ানো তো দূর অস্ত, তারা হজম করে আরও চার গোল।

তাসিন আলি ও রাজীব দাস ফিল্ড গোল করার পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ফরহাদ আহমেদ সিটুল। ৫০তম মিনিটে সপ্তম ও শেষ পেরেকটি ঠুকে দেন মেহেদী হাসান জুনিয়র।