আতলেতিকোর মাঠে বার্সেলোনার দারুণ জয়
ওয়ান্দা মেত্রোপলিতানোয় জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল শাভি এর্নান্দেসের দল।
বার্সেলোনাকে প্রবল চাপে রাখা আতলেতিকো মাদ্রিদ সমতা প্রায় ফিরিয়েই ফেলছিল। কোনোমতে গোললাইন থেকে ফিরিয়ে দিলেন রোনাল্দ আরাউহো। চমৎকার ফিনিশিংয়ের পর রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়ে ওয়ান্দা মেত্রোপলিতানো থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরল শাভি এর্নান্দেসের দল।
আতলেতিকো মাদ্রিদের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন উসমান দেম্বেলে।
সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। শুরুতে স্কোর লাইন ২-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন পেদ্রি। আর শেষটায় সমতায় শেষ করার দারুণ সুযোগ হাতছাড়া করেছেন অঁতোয়ান গ্রিজমান।
শেষের কয়েক মিনিট দুই দলই খেলে ১০ জন নিয়ে। নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন ফেররান তরেস ও স্তেফান সাভিচ।
প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ডি বক্সে বিপজ্জনক জায়গা থেকে আনসু ফাতির শট ব্লক করেন আতলেতিকো ডিফেন্ডার সাভিচ।
তিন মিনিট পর গোলের জন্য প্রথম শট নেয় স্বাগতিকরা। ২৫ গজ দূর থেকে পাবলো বারিওসের শট যায় বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন বরাবর। নবম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের শট ব্যর্থ করে দেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
পরের মিনিটে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন দেম্বেলে। তবে ফরাসি এই ফরোয়ার্ড শট নেওয়ার আগেই বিপদমুক্ত করেন মার্কোস ইয়োরেন্তে। কয়েক সেকেন্ড পর ফাতির আরেকটি শট চমৎকার স্লাইডে ব্যর্থ করে দেন হোসে হিমেনেস।
বার্সেলোনার আক্রমণের তোড়ে নিজেদের অর্ধ থেকেই সেভাবে বের হতে পারছিল না আতলেতিকো। একের পর এক আক্রমণে ২২তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। গোলে দারুণ অবদান পেদ্রির। গতি আর পায়ের কারিকুরিতে স্বাগতিকদের রক্ষণ গুঁড়িয়ে ডি বক্সে ঢুকে যান তিনি।
নিজে শট না নিয়ে তরুণ এই মিডফিল্ডার খুঁজে নেন গাভিকে। তার কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অরক্ষিত দেম্বেলে।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন ডি বক্সে হিমেনেসের দুর্বল ব্যাক পাস পেয়ে যাওয়া পেদ্রি। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে একটু দেরি করেন তিনি। ছুটে এসে তার শট ব্লক করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।
৩১তম মিনিটে গ্রিজমানের চমৎকার পাসে সুযোগ আসে ইয়োরেন্তের সামনে। তার শট আরাউহোর হাতে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পেনাল্টির জোরাল আবেদন করে আতলেতিকো। ভিএআরের সঙ্গে কথা বলে নাকচ করে দেন রেফারি। বার্সেলোনা ডিফেন্ডারের হাত ছিল বুকের সঙ্গে সাঁটানো।
দুই মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন হিমেনেস। ইয়োরেন্তের চমৎকার ক্রসে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি উরুগুয়ের এই ডিফেন্ডার। ৩৭তম মিনিটে মোলিনার বুলেট গতির শট বেরিয়ে যায় বার ঘেঁষে।
৪২তম মিনিটে টের স্টেগেনের দৃঢ়তায় বেঁচে যায় বার্সেলোনা। ইয়ানিক কারাসকোর চমৎকার পাস ডি বক্সের মাথায় পেয়ে যান গ্রিজমান। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে ফরাসি ফরোয়ার্ড নেন বুলেট গতির শট। দারুণ দক্ষতায় লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক। কর্নার থেকে হিমেনেসের হেড একটুর জন্য লক্ষ্যে থাকেনি।
শেষ দিকে আতলেতিকোর প্রবল চাপ সামাল দিয়ে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সফরকারীদের চেপে ধরে আতলেতিকো। প্রবল চাপের মুখে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে বের হতে পারছিল না বার্সেলোনা। বেশিক্ষণ বল ধরেও রাখতে পারছিল না।
৫৪তম মিনিটে মোলিনার চমৎকার ক্রসে অঁতোয়ান গ্রিজমানের ভলি যায় ক্রসবারের উপর দিয়ে। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর ভালো একটু সুযোগ হাতছাড়া করেন দেম্বেলে। টের স্টেগেনের লম্বা করে বাড়ানো বল তিনি যখন পান, সামনে ছিলেন কেবল একজন ডিফেন্ডার। তবে তাকে এড়িয়ে শট নিতে নিতে আরও দুই জন এসে তার কাছ থেকে বল কেড়ে নেনে।
৬২তম মিনিটে প্রতি আক্রমণে লম্বা করে বাড়ানো বলে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দেম্বেলে। তবে তার শট চমৎকার স্লাইডে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সাভিচ। ১১ মিনিট পর জালে বল পাঠান তরেস। তবে এই বার্সেলোনা ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।
মারামারি করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন তরেস ও সাভিচ! দুই মিনিট পর দারুণ সুযোগ পান গ্রিজমান। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন আরাউহো! শেষ মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক এবং পরে কর্নার পেয়েও তেমন কিছু করতে পারেনি আতলেতিকো। বার্সেলোনা ফেরে দারুণ এক জয় নিয়ে।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে দিয়েগো সিমেওনের আতলেতিকো।
