'ভারসাম্যহীন' পিএসজির রক্ষণ নিয়ে চিন্তিত গালতিয়ে
পিএসজি কোচ মনে করেন, মেসি-নেইমার-এমবাপের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের সমস্যায় ফেলতে পারে।
আক্রমণভাগে সময়ের সেরা তিন ফুটবলার থাকায় এই বিভাগ নিয়ে পিএসজির চিন্তার কারণ নেই বললেই চলে। তবে মেসি-নেইমার-এমবাপেরা তাদের কাজ ঠিকঠাক করলেও সম্প্রতি রক্ষণ নিয়ে দুর্ভাবনায় আছে দলটি। তোয়ার বিপক্ষে ম্যাচেই যেমন দুই দিকটাই ফুটে উঠেছে। তাই জয় পেলেও দলের খেলায় সন্তুষ্ট নন প্যারিসের দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে।
ফরাসি কোচ মনে করেন, দলের ভারসাম্য বজায় রাখতে হলে রক্ষণে তাদের আরও উন্নতি করতে হবে।
নিজেদের মাঠে লিগ ওয়ানে গত শনিবারের ম্যাচে দুই বার পিছিয়ে পড়ার পর ৪-৩ গোলে জয় পায় গালতিয়ের দল। পিএসজির হয়ে জালের দেখা পান কার্লোস সোলের, লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে।
গত ৩ সেপ্টেম্বর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি গোল করেছে পিএসজি; যেগুলোই গোলদাতা বা অ্যাসিস্টে নাম রয়েছে মেসি, নেইমার ও এমবাপের। তোয়ার বিপক্ষে সোলের গোলটির অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চলতি মৌমুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছে এই আক্রমণ ত্রয়ী। তাদের মধ্যে বোঝাপড়াও দুর্দান্ত। তবে সাম্প্রতিক সময়ে দলটির দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে রক্ষণ।
লিগ ওয়ানে নিজেদের মাঠে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বোর্দোর বিপক্ষে সবশেষ তিন বা তার বেশি গোল হজম করেছিল পিএসজি।গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফাকে উড়িয়ে দিলেও ওই ম্যাচে ২ গোল খেতে হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নদের।
লিগে তোয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর গালতিয়ের কন্ঠে তাই হতাশা ঝড়ল দলের খেলা নিয়ে। আমাজন প্রাইমকে তিনি বলেন, প্রতি ম্যাচেই মেসিরা দলের ত্রাতা হতে পারবেন না।
“ম্যাচের শুরু থেকেই দল খুব ভারসাম্যহীন ছিল। কিছু খেলোয়াড় তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। আমরা প্রতিপক্ষের সীমানায় খুব কমই বল জিতেছি, বরং বেশিই হারিয়েছি। রক্ষণের দিক থেকে দেখলে, আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেট-পিস থেকেও গোল হজম করেছি।”
“এই সমস্যা ঠিক করতে আমাদের সময় লাগবে, এটা এমন একটা বিষয় যেখানে আমাদের কাজ করতে হবে। প্রতিবার জেতার জন্য যদি আমাদের চার গোল করতে হয়, তাহলে বিষয়টা জটিল হয়ে যাবে।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ৫৪ গোল করেছে পিএসজি। ইউরোপের শীর্ষ ৫ লিগের দলগুলোর মধ্যে কেবল বায়ার্ন মিউনিখ তাদের চেয়ে বেশি গোল করেছে (২০ ম্যাচে ৬৯)।
লিগ ওয়ানে এখন পর্যন্ত অপরাজিত আছে পিএসজি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে গালতিয়ের দল।
পিএসজির পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার, ইউভেন্তুসের বিপক্ষে।
