সাবিত্রার নৈপুণ্যে জয়ে শুরু নেপালের
দারুণ জয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে স্বাগতিক দলের মেয়েরা।
আক্রমণভাগের সেরা তারকা সাবিত্রা ভান্ডারি আলো ছড়ালেন। জ্বলে উঠলেন অনিতা বাসনেতও। ভুটানকে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল স্বাগতিক নেপাল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার প্রতিযোগিতার ষষ্ঠ আসরের উদ্বোধন হয় নেপাল-ভুটান ম্যাচ দিয়ে। ‘বি’ গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে জিতে যাত্রা শুরু করল প্রতিযোগিতার চারবারের রানার্সআপ নেপাল।
সাবিত্রা ও অনিতা দুজনেই করেন জোড়া গোল।
দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন সাবিত্রা। শুরুর দিকে গোল হজম করলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়তে দেয়নি ভুটান। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণে ধরে চিড়।
৬৬তম মিনিটে সাবিত্রাই ব্যবধান দ্বিগুণ করেন। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড নিচু কোনাকুনি শটে জাল খুঁজে নেন। একটু পর ডান পায়ের শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান আরও বাড়ান অনিতা বাসনেত।
৮৪তম মিনিটের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় নেপালের। ডান দিক থেকে ভেসে আসা ক্রস ভুটান গোলরক্ষক ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বক্সের ভেতরে থাকা অনিতা নিচু শটে জাল খুঁজে নেন।
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় বাংলাদেশ মাঠের লড়াইয়ে নামবে বুধবার। প্রতিপক্ষ মালদ্বীপ। স্থানীয় সময় সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
