১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টটেনহ‍্যামের বিপক্ষে ১০ পরিবর্তনের ব‍্যাখ‍্যা দিলেন লিভারপুল কোচ

লিগ কাপে দলের ৩-১ ব‍্যবধানের জয়ে তরুণ খেলোয়াড়দের পারফরম‍্যান্সে খুশি আন্দোনি ইরাওলা।

টটেনহ‍্যামের বিপক্ষে ১০ পরিবর্তনের ব‍্যাখ‍্যা দিলেন লিভারপুল কোচ

ম্যাচ জিতে হাস্যোজ্জ্বল মুখে লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 04:26 PM

Updated : 16 Sep 2026, 04:26 PM

লিগ কাপের ম‍্যাচের জন‍্য দল আমূল বদলে ফেললেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। ১০ পরিবর্তন এনেও টটেনহ‍্যাম হটস্পারকে হারাল প্রতিযোগিতার সফলতম দলটি। ম‍্যাচ শেষে এতো পরিবর্তনের ব‍্যাখ‍্যা দিলেন ইরাওলা।

লিগ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহ‍্যামের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় প্রতিযোগিতার ১০বারের চ‍্যাম্পিয়ন লিভারপুল।

ফুলহ‍্যামের বিপক্ষে গোলশূন‍্য ড্র ম‍্যাচ থেকে টিকে যান কেবল রোনাল্দ আরাউহো। ম্যাচ শেষে ইরাওলা বললেন, সতেজ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছেন তিনি।

“এটা ঠিক যে, আমি অনেক পরিবর্তন এনেছি কিন্তু এটা করা প্রয়োজন ছিল। কারণ, আগের ম‍্যাচে দেখেছি আমাদের খেলার প্রাণশক্তির ঘাটতি রয়েছে এবং আমাদের সতেজ খেলোয়াড় প্রয়োজন।

“আমার মনে হয়, আমরা ম‍্যাচের অনেক অংশে ভালো করেছি। আর এ জন‍্যও খুশি যে, জয় আমাদের প্রাপ‍্য ছিল। আর পরের রাউন্ডে জায়গা আদায় করে নিয়েছি। আমি (তরুণ খেলোয়াড়দের জন‍্য) খুশি। ভিন্ন পজিশন, ভিন্ন দাবি।”

আলেক্সিস মাক আলিস্তের লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন কোডি হাকপো। টটেনহ‍্যাম ব‍্যবধান কমানোর পর যোগ করা সময়ে ৩০ গজ দূর থেকে গতিময় শটে লিভারপুলের তৃতীয় গোলটি করেন দমিনিক সোবোসলাই। তার দুর্দান্ত গোলের কথা আলাদাভাবে বললেন কোচ।

“আমরা তিনটি গোল করেছি, সেগুলো খুব ভালো গোল। প্রথম ও তৃতীয় গোলও আমাদের জন‍্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে তৃতীয় গোলটি ছিল বিশ্বমানের। দমের (দমিনিক) ক্ষেত্রের ব‍্যাপারটা হলো, সে শট নেওয়ার আগে আস্থা রাখা যায় যে গোল হতে পারে। অন‍্য কারও ক্ষেত্রে হয়তো ভাববেন, দূরত্ব একটু বেশি। কিন্তু দমের ক্ষেত্রে সবাই ভাবে যে, সে হয়তো গোল করতে পারে।”