দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে লড়াই করে হারল মেয়েরা
দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে হেরেছে বাংলাদেশর ছেলেরাও।
দাপুটে জয় দিয়ে দাবা অলিম্পিয়াডে যাত্রা শুরু করা বাংলাদেশ ছন্দ হারাল দ্বিতীয় রাউন্ডে। উন্মুক্ত ও মহিলা-দুই বিভাগেই হেরেছে দল। তবে মেয়েদের বিভাগে লড়াই করেছেন নোশিন আঞ্জুম, জান্নাতুল ফেরদৌসরা।
ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে শনিবার উন্মুক্ত বিভাগের দ্বিতীয় রাউন্ডে ৪-০ গেম পয়েন্টে হাঙ্গেরির কাছে হারে বাংলাদেশ।
ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ খেলেন।
মহিলা বিভাগে ইতালির কাছে ২.৫-১.৫ ব্যবধানে হারে বাংলাদেশ। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম জিতেছেন, ড্র করেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস।
এ রাউন্ডে হেরে যান মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা।
রোববার তৃতীয় রাউন্ডে ওপেন বিভাগে নেদারল্যান্ডস এন্টিলিস এবং মহিলা বিভাগে মাল্টার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
