Published : 31 Jul 2023, 05:07 PM
স্কিল, গতি, বুদ্ধিমত্তা, শক্তি-সামর্থ্য; সব কিছু মিলিয়ে দারুণ প্রতিভাবান এক ফুটবলার গাসমুস হয়লুন। ডেনমার্কের এই স্ট্রাইকারের দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এই পদক্ষেপ মনে ধরেছে ক্রিস্তিয়ান এরিকসেনের। ইউনাইটেডের এই ডেনিশ মিডফিল্ডারের মতে, ভালো একজন খেলোয়াড়কে স্কোয়াডে যোগ করতে যাচ্ছেন তারা।
২০ বছর বয়সী হয়লুনকে দলে টানার ‘খুব কাছে’ ইউনাইটেড। গণমাধ্যমের খবর, এই তরুণের বর্তমান ক্লাব আতালান্তার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগের দলটি। ইতালিয়ান ক্লাবটিকে ৭ কোটি ২০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে তারা।
হয়লুনকে ডেনমার্ক জাতীয় দলে এরিকসেন দেখেছেন বছরখানেক আগে। সে সময়ের সঙ্গে এখনকার হয়লুনের মধ্যে বিস্তর ফারাক দেখতে পাচ্ছেন এই মিডফিল্ডার। সতীর্থের বিকাশে মুগ্ধ তিনি। পিএ নিউজ এজেন্সিকে বলেন, নিজের খেলায় চমৎকার উন্নতি করে দুর্দান্ত স্ট্রাইকারে পরিণত হয়েছে হয়লুন।
“সে কেমন? সে দুর্দান্ত নাম্বার নাইন। গত বছর জাতীয় দলের সঙ্গে প্রথম যখন তাকে দেখেছিলাম, এরপর থেকে এই এক বছরে সে অনেক উন্নতি করেছে। সে খুবই ভালো একজন খেলোয়াড়।”
ডেনিশ ক্লাব কোপেনহেগেনের একাডেমিতে বেড়ে ওঠা হয়লুন ২০২০ সালে প্রথম সুযোগ পান মূল দলে। এরপর দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ খেলে ৫ গোল করেন তিনি।
গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ক্লাব স্ট্রুয়াম গ্রাজে যোগ দেন হয়লুন। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ খেলে গোল করেন ১২টি। সতীর্থদের গোলে অবদান রাখেন ৪টিতে।
প্রতিভার ঝলক দেখিয়ে আতালান্তার নজরে আসেন হয়লুন। গত বছরের অগাস্টে তাকে দলে ভেড়ায় সেরি আর ক্লাবটি। যেখানে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৩৪ ম্যাচ, করেছেন ১০ গোল, অ্যাসিস্ট ৪টি।
হয়লুনের পারফরম্যান্স মন জয় করে নিয়েছে আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনির। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ডেনিশ তরুণকে প্রশংসায় ভাসান তিনি। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের সঙ্গে হয়লুনের মিল থাকার কথাও বলেন গাসপেরিনি।
এরিকসেনের কণ্ঠেও স্তুতি ঝরল জাতীয় দলের সতীর্থকে নিয়ে।
“আমার মনে হয়, ডেনমার্কে আমরা গণমাধ্যমের মনোযোগ যথেষ্ট পাই না। এই কারণে, ডেনমার্কের বাইরের মানুষজন আমাদের তেমন চেনে না।”
“সে ভালো মানুষ, দারুণ একজন খেলোয়াড়। যেমনটা আমি বলেছি, সে বিকশিত হয়েছে, নাম্বার নাইন খেলোয়াড়ে পরিণত হয়েছে, যে পজিশনে সে জাতীয় দলে খেলে। সত্যি বলতে, আতালান্তার হয়ে তার তেমন ম্যাচ আমি দেখিনি। তবে আমি জানি, তাদের খেলার ধরন কেমন, আর সে ওই দলে ভালোভাবে মানিয়ে যায়। সুতরাং, সে দারুণ একজন খেলোয়াড়।”
হয়লুনকে নিয়ে চলমান আলোচনা আলোর মুখ দেখলে, এবারের গ্রীষ্মের দলবদলে ইউনাইটেডে যোগ দেওয়া তৃতীয় খেলোয়াড় হবেন তিনি। এর আগে চেলসি থেকে মিডফিল্ডার ম্যাসন মাউন্ট ও ইন্টার মিলান থেকে গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে টেনেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।