‘সাবিনাই গেম চেঞ্জার’
বাংলাদেশের বিপক্ষে হারলেও দলের খেলা নিয়ে খুশি মালদ্বীপ কোচ আহমেদ শরীফ।
গোলের জন্য বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন সাবিনা খাতুন এলেন ত্রাতা হয়ে। দারুণ এক গোল করে ম্যাচের সুর বেঁধে দিলেন। আত্মবিশ্বাসে ফুটতে থাকা দল হয়ে উঠল আরও উজ্জীবিত, দুর্বার। বাংলাদেশ অধিনায়ককে তাই প্রশংসায় ভাসালেন মালদ্বীপ কোচ আহমেদ শরীফ। তার মূল্যায়ন-ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে সাবিনাই।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল উপহার দেন সাবিনা। অন্য গোলটি করনে মাসুরা পারভীন।
৩২তম মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের চোখ ধাঁধানো শটে বাংলাদেশকে এগিয়ে নেন সাবিনা। এই তারকা ফরোয়ার্ড পরে আলগা বল পেয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সাবিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রতিপক্ষ কোচও। মালদ্বীপে খেলার অভিজ্ঞতা সাবিনা কাজে লাগিয়েছেন বলে মনে করেন শরীফ।
“সাবিনার জন্য বিশেষ কোনো পরিকল্পনা আমাদের ছিল না। পরিকল্পনা ছিল পুরো বাংলাদেশ দলকে নিয়ে। তবে অবশ্যই সাবিনাই পার্থক্য গড়ে দিয়েছে। সে মালদ্বীপের ফুটবল সম্পর্কে খুব ভালোভাবে জানে “
“মালদ্বীপের লিগে বেশ কয়েকবার খেলেছে সাবিনা। এই দলের অধিনায়কসহ অনেককে সে ভালোভাবে জানে। সেই ছিল গেম চেঞ্জার। বাংলাদেশ দলকে সেই ব্রেক থ্রুটা এনে দিয়েছে। আমি বলব, সে ছিল আজকের ম্যাচের গেম চেঞ্জার।”
প্রথমার্ধে তিন গোল হজমের পর দ্বিতীয়ার্ধে নিজেদের আরও গুটিয়ে নেয় মালদ্বীপ। সাবিনা-কৃষ্ণাদের আক্রমণ সামলে এ অর্ধে কেবল জাল অক্ষত রাখতে সমর্থ হয় তারা। কিন্তু সাফের শুরুতে বড় হার এড়াতে পারেনি তারা।
দলকে অবশ্য সমালোচনার তিরে বিদ্ধ করছেন না শরীফ। সমুদ্রপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতার সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে না পারাকে হারের একটি কারণ মনে করেন শরীফ।
“এই ম্যাচের ফল নিয়ে আমি সন্তুষ্ট। দলের খেলা নিয়েও সন্তুষ্ট। এখন পরের ম্যাচ নিয়ে আমাদের কাজ করতে হবে।”
‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। বাংলাদেশের জয়ের দিনে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।
