ভারতকে নিয়েই সাফ আয়োজনের আশা
বর্তমান প্রেক্ষাপটই আশাবাদী করছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনকে।
ফিফার নিষেধাজ্ঞার কারণে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফিফার শর্ত মেনে এরই মধ্যে নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথ বের করেছে দেশটি। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনও (সাফ) তাই ভারতকে নিয়েই টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।
ফেডারেশনে ‘তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপ’ এর অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর গত সপ্তাহে নিষেধাজ্ঞা দেয় ফিফা। এই নিষেধাজ্ঞায় ফিফার কোনো ধরনের টুর্নামেন্ট ও ফুটবল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না দেশটি। সাফের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
নেপালের কাঠমাণ্ডুতে আগামী ৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের খেলার বিষয়ে গত সপ্তাহে সাফভুক্ত দেশগুলোর ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠকে আলোচনা হয়।
ভার্চুয়াল সেই সভা শেষে সাফের সাধারাণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৩ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন তারা। ডেডলাইনের শেষ দিনে এসে ভারতকে নিয়ে বেশ ইতিবাচক মনে হচ্ছে সংস্থাটিকে। বর্তমান প্রেক্ষাপটই আসলে আশাবাদী করছে তাদের।
গত মে মাসে ভারতের সর্বোচ্চ আদালত এআইএফএফের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের একটি প্রশাসনিক কমিটি গঠন করে দিয়েছিল। এর প্রেক্ষিতেই দেশটির ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা নেমে আসে।
তবে সোমবার ভারতের সর্বোচ্চ আদালত নিজেদের গড়ে দেওয়া কমিটি ভেঙে দিয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার কাছে এআইএফএফ আবেদন করেছে বলেও ভারতের সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাফের সাধারণ সম্পাদক হেলাল এই বিষয়টিই জানালেন। বললেন, ভারতকে নিয়েই আসর আয়োজনের আশা দেখছেন তারা।
“আমরা আরেকটু অপেক্ষা করতে চাচ্ছি। যেহেতু বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের সমস্যা সমাধানের পথে। আমরা দেখতে চাচ্ছি বিষয়টা কী হয়। ভারতকে নিয়েই আমরা সাফের আসরটা করতে চাই। সে জন্যই আরেকটু অপেক্ষা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
মেয়েদের সাফের গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছে আগেই। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপের তিন দল স্বাগতিক নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
