২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

'পিকেকে মিস করবে ফুটবল'

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মতে, ফুটবলকে অনেক কিছু দিয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 07:29 PM

Updated : 05 Nov 2022, 07:34 PM

জেরার্দ পিকের সঙ্গে কখনও এক দলে খেলা হয়নি আর্সেনাল কোচ মিকেল আর্তেতার। কোচিং ক্যারিয়ারেও তার সুযোগ হয়নি স্বদেশি ডিফেন্ডারের সঙ্গে কাজ করার। তবে বার্সেলোনা সেন্টার-ব্যাকের প্রতি আর্তেতার রয়েছে অগাধ শ্রদ্ধা। তিনি বললেন, বিশ্বমানের ফুটবলার পিকেকে মিস করবে ফুটবল।

বার্সেলোনার সঙ্গে পিকের চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। তবে আচমকাই গত বৃহস্পতিবার স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার অবসরের ঘোষণা দেন। জানান, শনিবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে কাম্প নউয়ে তার শেষ। 

বিশ্বকাপ বিরতির আগের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। হয়তো সেদিনই পেশাদার ক্যারিয়ারে শেষবারের মতো মাঠে নামবেন পিকে।

প্রিমিয়ার লিগে রোববার চেলসির বিপক্ষে খেলবে শীর্ষে থাকা আর্সেনাল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিকের অবসর প্রসঙ্গে জানতে চাওয়া হলে আর্তেতা বলেন, খেলাটিকে অনেক কিছু দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

“কী বলব, বুঝতে পারছি না। অবিশ্বাস্য তার ক্যারিয়ার, সে অসাধারণ একজন মানুষ। এই খেলাটিকে সে অনেক কিছু দিয়েছে।”

“যেহেতু সে এই সিদ্ধান্ত নিয়েছে, আমি নিশ্চিত অনেক ভেবেই নিয়েছে। ফুটবল তাকে মিস করবে এবং আমি মনে করি সে একজন বিশ্বমানের খেলোয়াড়।”