২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের ৯ নম্বর জার্সিতে সমর্থকদের ভালোবাসা চান রিশার্লিসন

৯ জার্সি পরে মাঠে নামলেই গোল করেন, মনে করিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 12:19 PM

Updated : 24 Sep 2022, 09:09 PM

গোলের পর গোল করে চলেছেন রিশার্লিসন, কিন্তু সমর্থকদের মন পুরোপুরি পাচ্ছেন না। ৯ নম্বর জার্সিতে এখনও তাকে যেন ঠিক মেনে নিতে পারছেন না ব্রাজিলের ফুটবল অনুসারীরা। দেশের হয়ে আরও একবার দুর্দান্ত পারফরম্যান্সের পর তাই এই ফরোয়ার্ডের আকুতি, তার ওপর যেন বিশ্বাস রাখেন সমর্থকেরা।

ব্রাজিল দলে রিশার্লিসনের চেয়ে বড় তারকা আছে বেশ কজনই। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে তাকে উজ্জ্বলতম বললেও হয়তো খুব একটা বাড়িয়ে বলা হয় না। ঘানার বিপক্ষে শুক্রবার ৩-০ গোলের জয়ে তিনি গোল করেন দুটি।

ব্রাজিলের হয়ে সবশেষ ৫ ম্যাচে তিনি গোল করলেন ৬টি। সব মিলিয়ে দেশের জার্সিতে তার গোল হয়ে গেল ১৬টি।

তবে যেহেতু তার জার্সি নম্বর ৯, তার দিকে অন্য চোখে তাকানোর কারণ সেটিও। ব্রাজিলের ৯ নম্বর জার্সিতে ফুটবল বিশ্ব মাতিয়ে ইতিহাসে পাকাপাকি জায়গা করে নিয়েছেন রোনালদো, তোস্তাওয়ের মতো কিংবদন্তিরা। ‘৯’ নম্বর মানে স্রেফ একটি জার্সি নম্বরই নয়, এই জার্সির মানে আক্রমণভাগের ভরসা ও আস্থা। রিশার্লিশন সেই ভার বহন করতে পারবেন না, সংশয় জানানোর লোক আছে অনেক।

ঘানার বিপক্ষে ম্যাচের পর তাই ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের পারফরম্যান্সের গুণগান গাইলেন নিজেই।

“আশা করি ব্রাজিলের সমর্থকেরা আমার ওপর আরও বেশি বিশ্বাস রাখবে, কারণ, জাতীয় দলে তো আমি প্রচুর গোল করি। ৯ নম্বর জার্সি পরে খেলছি আমি এবং যতবার এই জার্সি গায়ে মাঠে নামি, গোল করে চলেছি। আমি মাঠে নেমে নিজের কাজটা চুপচাপ করে যাই।”