২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সার সঙ্গেই হবে রিয়ালের শিরোপা লড়াই’

লা লিগায় শেষ রাউন্ড পর্যন্ত রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানাবে বার্সেলোনা, এই ব্যাপারে নিশ্চিত কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

Published : 30 Oct 2022, 04:42 PM

Updated : 30 Oct 2022, 04:43 PM

আগের মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন ও রানার্সআপের মধ্যে ব্যবধান ছিল বেশ। চলতি মৌসুমে অবশ্য শুরু থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানে সমান লড়ে যাচ্ছে বার্সেলোনা। এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলেরও শীর্ষে। মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাদের শিরোপা লড়াই চলবে একদম শেষ পর্যন্ত।

২০২১-২২ মৌসুমে স্পেনের শীর্ষ লিগে রিয়াল শিরোপা নিশ্চিত করেছিল চার ম্যাচ হাত রেখেই। মৌসুমের প্রথমদিকে ধুঁকতে থাকা বার্সেলোনা দ্বিতীয় অর্ধে দারুণ খেলে আসর শেষ করে দুইয়ে থেকে।

এরপর গ্রীষ্মের দলবদলে রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, জুল কুন্দেসহ কয়েকজনকে দলে টেনে শক্তি বাড়ায় বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও লা লিগায় শুরু থেকে দারুণ খেলছে শাভি এরনান্দেসের দল।

সবশেষ শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ১২ রাউন্ড শেষে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১।

এক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। রোববার জিরোনার বিপক্ষে মাঠে নামবে স্পেনের সফলতম দলটি।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শিরোপা লড়াই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বার্সেলোনার সঙ্গেই।

“আমি জানি না, আমার কোনো ধারণা নেই যে (চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়) তাদের প্রভাবিত করবে কি-না। আমি মনে করি, লা লিগায় শেষ রাউন্ড পর্যন্ত বার্সেলোনা আমাদের প্রতিদ্বন্দ্বীতা জানাবে। এটা আমার কাছে পরিষ্কার।”

“একটি মৌসুমে কিছু সময় আসে যেখানে সবকিছু ভালো হবে না, ভালো সময় ও খারাপ সময় আসবে। তবে এটা আমার কাছে স্পষ্ট যে, তারা শেষ পর্যন্ত প্রতিযোগিতায় থাকবে এবং শিরোপার লড়াইটা হবে বার্সেলোনার সঙ্গেই।”