‘ইংলিশ’ নাদিয়ার হ্যাটট্রিকে উড়ল পাকিস্তান
আট বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে প্রথম জয়ের স্বাদ পেল পাকিস্তানের মেয়েরা।
জাতীয় দলের জার্সিতে অবশেষে আলো ছড়ালেন নাদিয়া খান। ইংল্যান্ড প্রবাসী এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে উড়িয়ে দিল পাকিস্তান। ২০১৪ সালের পর সাফ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা দলটি পেল প্রথম জয়ের স্বাদও।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার মালদ্বীপকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পাকিস্তান। চার গোল করেন নাদিয়া, একটি করে গোল রামিন ফরিদ, খাদিজা কাজমি ও আনমোল হিরার।
বাংলাদেশ ও ভারতের কাছে হেরে সাফ মিশন আগেই শেষ হয়েছিল পাকিস্তান ও মালদ্বীপের। দুই দল এদিন মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে।
প্রথমার্ধে পাকিস্তানকে যা একটু আটকে রাখতে সক্ষম হয় মালদ্বীপ। তবে ৩৯তম মিনিটে রামিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।
দ্বিতীয়ার্ধে খাদিজা পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার পর শুরু হয় নাদিয়ার গোল উৎসব। ৫৪তম মিনিটে পাকিস্তানের হয়ে ব্যক্তিগত গোলের খাতা খোলেন তিনি। এরপর ৭৮, ৮৪ ও ৯০তম মিনিটে আরও তিন বার গোলের আনন্দে ডানা মেলেন নাদিয়া।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আনমোল ব্যবধান আরও বাড়ান।
ভারতের কাছে ৩-০ গোলে হারের পর বাংলাদেশের কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।
বাংলাদেশের কাছে ৩-০ গোলে হেরে আসর শুরু করা মালদ্বীপ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে উড়ে গিয়েছিল ৯-০ গোলে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হারের হতাশা সঙ্গী হলো তাদের।
