Published : 29 Jul 2022, 10:55 PM
নতুন মৌসুমে মাঠের লড়াই শুরুর আগেই ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। হাঁটুর চোটে ছিটকে গেছেন এমেরিক লাপোর্ত।
স্প্যানিশ এই ডিফেন্ডারের পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে। তার পুরোপুরি সেরে উঠতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
কমিউনিটি শিল্ডে শনিবার লিভারপুরের বিপক্ষে খেলবে সিটি। আগের মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে লাপোর্তের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
“লাপোর্ত চোটাক্রান্ত। অস্ত্রোপচার হয়েছে। গত মৌসুমে শেষ কিছু ম্যাচ সে চোট নিয়ে খেলেছে। তার অমন প্রচেষ্টা ছিল অবিশ্বাস্য, তবে এভাবে সে চালিয়ে যেতে পারেনি।”
“এখন পর্যন্ত তার সেরে ওঠার অগ্রগতি বেশ ভালো। তবে সতর্ক থাকতে হবে, কারণ চোট হাঁটুতে। সবকিছু ভালোভাবে এগোলে সেপ্টেম্বরে সে দলে ফিরবে।”
চলতি মাসে প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে সিটি যুক্তরাষ্ট্র সফরে গেলেও স্বাভাবিকভাবেই লাপোর্ত যেতে পারেননি। এই সফরে ক্লাব আমেরিকা ও বায়ার্ন মিউনিখকে হারায় সিটি।