পাকিস্তান ম্যাচেও আনাইকে পাচ্ছে না বাংলাদেশ
ভারতের বিপক্ষে খেলার আশা এই ডিফেন্ডারের।
প্রতিদিনই আনাই মোগিনি মাঠে আসছেন। কখনও গ্যালারির এক কোণায় বিষন্ন মুখে বসে থাকছেন, কখনও খুড়িয়ে খুড়িয়ে মাঠের চারপাশে পায়চারি করছেন, দেখছেন সতীর্থদের অনুশীলন। পায়ের আঙুলের চোটের কারণে মালদ্বীপ ম্যাচ খেলতে পারেননি এই ডিফেন্ডার। পাকিস্তান ম্যাচেও তিনি দর্শক।
পাকিস্তান ম্যাচ সামনে রেখে শুক্রবার নেপালের কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলন সেরেছে বাংলাদেশ। এদিনও আনাই মলিন মুখে সতীর্থদের অনুশীলন দেখেছেন। শনিবার স্থানীয় সময় ১টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে দল।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের পাশে আর্মি হেডকোয়ার্টার মাঠে গত রোববার প্রস্তুতি নিতে এসে ভাগ্যের ফেরে চোট পেয়েছিলেন আনাই। বাস থেকে নামার পর ঘাসের ভেতরে থাকা ইটের টুকরা ছোবল বসিয়েছিল তার বাঁ পায়ের আঙুলে। এই চোটই মালদ্বীপ ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল তাকে।
আনাইকে ছাড়াই ৩-০ গোলের জয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ।
রক্ষণ সামলানো মূল দায়িত্ব হলেও গোল করতেও পারদর্শী আনাই। গত ডিসেম্বরেই মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারের গোলেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবারের সাফ চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেছিলেন তিনিও। স্বাভাবিকভাবেই খেলতে না পেরে হতাশ আনাই। তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
“আঙুলের ক্ষত শুকিয়ে গেছে, এখন জুতা পরতে পারছি। তেমন ব্যথা না থাকলেও অনুশীলন করতে পারছি না। পুরোপুরি সেরে উঠিনি বলে পাকিস্তানের বিপক্ষেও খেলতে পারব না। আশা করি, ভারতের বিপক্ষে খেলতে পারব।”
ভারতের বিপক্ষে ম্যাচেই আনাইকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে এর আগে জানিয়েছিলেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী মঙ্গলবার সাফের পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে দল।
