২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে জেগে ওঠার বার্তা আনচেলত্তির

পেনাল্টি মিস করে করিম বেনজেমা সমালোচনার মুখে থাকলেও তা দলে প্রভাব ফেলছে না বলে মনে করেন কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 10:56 PM

Updated : 04 Oct 2022, 11:12 PM

ওসাসুনা ম্যাচে সেরাটা নিংড়ে দিতে না পারার ব্যর্থতা, লা লিগার চলতি মৌসুমে প্রথম পয়েন্ট হারানোর ধাক্কা, করিম বেনজেমার পেনাল্টি মিসের সমালোচনা-সব ঝেড়ে ফেলতে উন্মুখ রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তিও দলকে দিলেন জেগে ওঠার বার্তা। 

ইউরোপ সেরার মঞ্চে ‘এফ’ গ্রুপের ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে। 

চেনা আঙিনাতেই গত রোববার তিক্ত অভিজ্ঞতা হয় রিয়ালের। ওসাসুনার বিপক্ষে ১-১ ড্র করে হাতছাড়া করে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ। পেনাল্টি মিস করেন আক্রমণভাগের প্রাণভোমরা বেনজেমা। শেষ দিকে ওসাসুনা ১০ জনের দলে পরিণত হলেও জিততে পারেনি রিয়াল; শেষ পর্যন্ত চলমান লিগে থামে তাদের জয়রথ। 

চ্যাম্পিয়ন্স লিগে শাখতারের চেয়ে অবশ্য ভালো অবস্থানে আছে রিয়াল। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। হারের স্বাদ না পাওয়া শাখতার ৪ পয়েন্ট নিয়ে ছুটছে রিয়ালের পিছে। তবে লাইপজিগকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়ে আসা ইউক্রেনের দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি। 

“গ্রুপপর্বে খুবই ভালো শুরু করা শাখতারকে বিপজ্জনক প্রতিপক্ষ বিবেচনা করে আমরা খেলতে নামব। আমরা উন্নতি করতে চাই এবং আমাদের অন্য মনোভাব এবং ধরন দেখাতে চাই।” 

“আমি মনে করি, এটা পরিষ্কার যে, রোববার আমরা সেরা ম্যাচ খেলতে পারিনি। আমরা সবাই জানি, শাখতার ম্যাচ আমাদের ৯ পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা এর জন্য প্রস্তুত।” 

হাঁটুর চোট কাটিয়ে তিন সপ্তাহ পর ফেরা বেনজেমা ওসাসুনা ম্যাচে পেনাল্টি মিস করলেও এ নিয়ে একদম চিন্তিত নন আনচেলত্তি। ফরাসি ফরোয়ার্ডের কাঁধে আস্থার হাত রাখছেন এই ইতালিয়ান কোচ। 

“যখন করিম একটা ম্যাচ খেলে এবং তার কাছে যে প্রত্যাশা, তা অনুযায়ী যখন পারফর্ম করতে না পারে, তাহলে সমালোচনা হবে। এটা স্বাভাবিক, কিন্তু এর প্রভাব দলের ওপর পড়ছে না।” 

শাখতার ম্যাচে মাঝমাঠ নিয়ে কিছুটা দুর্ভাবনা আছে আনচেলত্তির। মিডফিল্ডের নির্ভরতা লুকা মদ্রিচকে শুরু থেকে পাওয়া নিয়ে এখনও নিশ্চিত নন রিয়াল কোচ। 

পোস্টের নিচে এ ম্যাচেও থিবো কোর্তোয়াকে পাচ্ছেন না আনচেলত্তি। তবে অক্টোবরের মাঝমাঝি বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকোর আগে প্রথম পছন্দের গোলরক্ষকের চোট পুরোপুরি সেরে উঠবে বলে আশা তার।