চেলসিতে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ওয়াশিংতো
সান্তোস থেকে সাত বছরের চুক্তিতে দেভিদ ওয়াশিংতোকে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
সান্তোসের যুব দলে আলো ছড়িয়ে নজর কাড়েন দেভিদ ওয়াশিংতো। অল্প বয়সে তিনি জায়গা করে নেন ব্রাজিলের ঐতিহ্যবাহী দলটির সিনিয়র টিমেও। আক্রমণভাগের শক্তি বাড়াতে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিল চেলসি।
নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ওয়াশিংতোর সঙ্গে সাত বছরের চুক্তির বিষয়টি জানিয়েছে চেলসি। মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে চুক্তিতে। বিবিসির খবর অনুযায়ী, তার ট্রান্সফার ফির অঙ্কটা ২ কোটি ইউরো।
মাওরিসিও পচেত্তিনোর কোচিংয়ে নতুন করে দল সাজাচ্ছে চেলসি। সেই পরিকল্পনায় চলতি দলবদলে এ নিয়ে নতুন ৯ জন খেলোয়াড়কে চুক্তিভুক্ত করল ক্লাবটি।
চুক্তি সেরে ক্লাবের ওয়েবসাইটে জানানো প্রতিক্রিয়ায় ওয়াশিংতো বলেন, নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে তর সইছে না তার।
“চেলসির মতো বড় দলে যোগ দিতে পেরে আমি ভীষণ খুশি। এত বড় ক্লাবের হয়ে খেলতে এবং ভুরিভুরি গোল ও অ্যাসিস্ট করতে তর সইছে না আমার।”
শৈশবের প্রথম ক্লাব গ্রেমিও থেকে ২০১৬ সালে তিনি যোগ দেন সান্তোসে। দলটির যুব দলে গোল করার দারুণ পারদর্শিতা দেখিয়ে এ বছরই জায়গা করে নেন মূল দলে।
বৈচিত্রময় এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে সান্তোসের মূল দলের হয়ে ১৬ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন দুইবার।
এই গ্রীষ্মে সান্তোস থেকে স্ট্যামফোর্ড ব্রিজে আসা দ্বিতীয় খেলোয়াড় ওয়াশিংতো। গত মাসে ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার আঞ্জেলোকে দলে নেয় তারা।
