দি মারিয়ার লাল কার্ড, বিপর্যস্ত ইউভেন্তুস
সেরি আর ম্যাচে নবাগত মনসার বিপক্ষে হেরে গেল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
চোট কাটিয়ে মাঠে নামলেন আনহেল দি মারিয়া। কিন্তু তার ফেরাটা সুখকর হলো না। বিরতির খানিক আগে দেখলেন লাল কার্ড। দলের গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে ইউভেন্তুসও পেল না জয়ের পথ। মনসার বিপক্ষে হেরে গেল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
মৌসুমের শুরু থেকেই ধুঁকছে ইউভেন্তুস। সেরি আয় রেকর্ড চ্যাম্পিয়নরা প্রথম ছয় রাউন্ডে অপরাজিত থাকলেও তাদের পারফরম্যান্স ছিল বড্ড বাজে, জয় ছিল মাত্র দুটি। সেখান থেকে ঘুরে দাঁড়াবে কী, উল্টো আরও তেতো স্বাদ স্বাদ পেল তারা।
সেরি আয় নবাগত মনসার মাঠে রোববার ১-০ গোলে হেরে গেছে ইউভেন্তুস। একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান গ্রিটকিয়া।
বিরতির পাঁচ মিনিট আগে প্রতিপক্ষের ডিফেন্ডার আরমান্দো ইৎজোর বুকে কনু্ই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন এবারের গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে তুরিনে আসা দি মারিয়া।
প্রথমার্ধের কয়েকটি হাফ-চান্স তৈরি করা ইউভেন্তুস প্রায় পুরোটা সময়ই ভুগেছে মাঝমাঠে। তারপরও পয়েন্ট পাওয়ার আশায় ছিল তারা। তবে ৭৪তম মিনিটে তাদের স্তব্ধ করে দেন ডেনিশ ফরোয়ার্ড ইৎজো।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়শূন্য রইলো ইউভেন্তুস। তিনটি হার ও দুটি ড্র। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা।
এবারের সেরি আয় সাত ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ইউভেন্তুস।
