২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকি নিয়ে সেভিয়ার বিপক্ষে হলান্ডকে খেলাবে না সিটি

নরওয়ের তারকা স্ট্রাইকার কবে ফিরতে পারেন, তা জানাননি পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 06:04 PM

Updated : 30 Oct 2022, 06:08 PM

চোটের কারণে খেলেননি আগের ম্যাচ। পুরোপুরি সেরে না ওঠায় চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষেও আর্লিং হলান্ডকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি। নরওয়ের স্ট্রাইকার কবে মাঠে ফিরতে পারেন, সে ব্যাপারেও কিছু বলেননি ম্যানচেস্টারের ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা।

ইউরোপ সেরার মঞ্চে গত মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ম্যাচের শুরুর একাদশে ছিলেন হলান্ড। প্রথমার্ধে নিষ্প্রভ থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে তার জায়গায় বের্নার্দো সিলভাকে নামানো হয়।

ওই ম্যাচের পর গুয়ার্দিওলা বলেন, জ্বর নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিলেন হলান্ড এবং আঘাত পাওয়ার পর সতর্কতার জন্য সাবেক ডর্টমুন্ড তারকাকে তুলে নিয়েছিলেন তিনি।

সিটির পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার, সেভিয়ার বিপক্ষে। ‘জি’ গ্রুপ থেকে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন্স হিসেবে ষোলো নিশ্চিত করেছে দলটি।

হলান্ড কবে নাগাদ ফিরতে পারেন, বিবিসির এমন প্রশ্নের উত্তরে গুয়ার্দিওলা বলেন, “আমি জানি না।“

সাবেক বার্সেলোনা কোচ আশাবাদ ব্যক্ত করেন, আগামী ৯ নভেম্বর ইংলিশ লিগ কাপে চেলসির বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে ২২ বছর বয়সী এই ফুটবলারকে।

“তার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সে এখন আগের চেয়ে ভালো বোধ করছে, আমাদের হাতে আরও এক সপ্তাহ আছে। সেভিয়ার বিপক্ষে সে খেলবে না, কারণ আমরা এরই মধ্যে (শেষ ষোলো) নিশ্চিত করেছি। আশা করি, ফুলহ্যামের বিপক্ষে (প্রিমিয়ার লিগে আগামী ৫ নভেম্বর) সে আমাদের সাহায্য করতে পারবে। সেটা সম্ভব না হলে সে ইংলিশ লিগ কাপে চেলসির বিপক্ষে খেলতে পারে।”

গ্রীষ্মের দলবদলে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ২২ গোল করেছেন হলান্ড। এর মধ্যে প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের লড়াইয়ে ১১ ম্যাচে ১৭ গোল করে তালিকার শীর্ষে আছেন তিনি।