২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার বিশ্বকাপে ইরানের কোচ কুইরোজ

এই পর্তুগিজের কোচিংয়ে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছে ইরান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 12:36 AM

Updated : 08 Sep 2022, 12:36 AM

ইরান জাতীয় দলের প্রধান কোচ পদে দ্রাগান স্কোচিচের টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল কদিন ধরে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চাকরি হারালেন এই ক্রোয়েশিয়ান। তার উত্তরসূরি বেছে নিতেও দেরি করল না দেশটির ফুটবল সংস্থা। কাতার বিশ্বকাপকে সামনে রেখে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এর আগে আট বছর ইরান জাতীয় দলকে কোচিং করানো কার্লোস কুইরোজের হাতে।

এর আগেও একবার একই পদ থেকে ছাঁটাই হয়েছিলেন স্কোচিচ। গত ১১ জুলাই বহিষ্কার করার সাত দিন পর যদিও আবার তাকে পুনর্বহাল করা হয়েছিল। তবে বেশিদিন টিকতে পারলেন না তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইরান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রায় আড়াই বছরের এই মেয়াদে সাফল্যও অনেক পেয়েছেন স্কোচিচ। তার হাত ধরেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় দলটি। তার কোচিংয়ে ১৮ ম্যাচ খেলে ১৫টি জিতেছে দেশটি।

তারপরও বিশ্বকাপ শুরুর আড়াই মাস আগে তার ছাঁটাইয়ের সিদ্ধান্ত অনেকের কাছে অবাক করার। বিদায়বেলায় টুইটারে ৫৪ বছর বয়সী কোচকে ধন্যবাদ জানিয়েছেন ইরান জাতীয় দলের প্রেস অফিসার জামাত মোহামাদ। একই সঙ্গে কুইরোজের নিয়োগের বিষয়টিও জানিয়েছেন তিনি।

“(ইরান দলকে) বিশ্বকাপের মূল পর্বে তুলতে অবদান রাখায় দ্রাগান স্কোচিচকে ধন্যবাদ।”

“ফুটবল ফেডারেশনের নির্বাহী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কাতার বিশ্বকাপে ইরান জাতীয় দলের কোচ হবেন কার্লোস কুইরোজ।”

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে ইরান। গ্রুপের অন্য তিন দল ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েলস।

এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে ইরানের ডাগআউটে থাকবেন কুইরোজ। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তার কোচিংয়েই খেলেছিল দলটি।

রাশিয়া বিশ্বকাপে ইরান তাদের ইতিহাসে সেরা পারফরম্যান্স দেখিয়েছিল। গ্রুপ পর্বে মরক্কোকে হারানোর পর পর্তুগালের সঙ্গে ড্র করেছিল তারা। তবে অল্পের জন্য নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল কুইরোজের দল।

প্রথম মেয়াদে ২০১৯ সালের এশিয়ান কাপ পর্যন্ত ইরানের কোচ ছিলেন কুইরোজ। ওই আসরে সেমি-ফাইনালে জাপানের কাছে হেরেছিল ইরান। এরপরই সরে দাঁড়ান তিনি।

এরপর কলম্বিয়া ও মিশর জাতীয় দলের সঙ্গে কাজ করেন কুইরোজ। মিশর কাতার বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়ার পর তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি ভেঙে দেন কুইরোজ।

সব মিলিয়ে কোচ হিসেবে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন কুইরোজ। ২০১০ বিশ্বকাপে তার কোচিংয়েই বিশ্বমঞ্চে খেলেছিল পর্তুগাল।

২০০২ বিশ্বকাপে কুইরোজের হাত ধরেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে আসর শুরুর আগেই তিনি পদত্যাগ করেছিলেন।