'বিশ্বকাপে জার্মানিকে নিয়ে সবার অনেক প্রত্যাশা'
জার্মানি কোচ হান্স ফ্লিকের বিশ্বাস, ২০১৮ বিশ্বকাপের চেয়ে এবার ভালো করবে তার দল।
জার্মানির সাম্প্রতিক ফলাফলে নেই আত্নবিশ্বাসের ছাপ। মলিন পারফরম্যান্সে দলটি বিদায় নিয়েছে উয়েফা নেশন্স লিগের চলতি আসর থেকেও। তবে বড় টুর্নামেন্টে বরাবরই ভালো খেলার রেকর্ডের কারণে আসছে বিশ্বকাপেও তাদের পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা কম হওয়ার নয়। কোচ হান্স ফ্লিক মনে করেন, তাদের নিয়ে সবার অনেক প্রত্যাশা এবং এর প্রতিদান দিতে জার্মানি বদ্ধপরিকর।
গত বছর ফ্লিক জার্মানির কোচ হওয়ার পর দারুণ সময় কাটছিল জার্মানির। তবে এবারের নেশন্স লিগে চেনাই যায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬ ম্যাচে মাত্র এক জয় ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নেয় তারা।
দলের যে ফর্ম, তাতে জার্মানিকে নিয়ে বিশ্বকাপে বড় কিছুর আশা করা কঠিনই। সবশেষ দুটি বড় আসরেও দলটির পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। চ্যাম্পিয়ন হিসেবে গত বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তলানিতে থেকে। সবশেষ ইউরোতে কোনোরকমে গ্রুপ পর্ব উতরাতে পারলেও তারা থমকে যায় দ্বিতীয় রাউন্ডেই।
তবে বড় টুর্নামেন্টের জ্বলে ওঠার একটা খ্যাতি আছে জার্মানদের। তাই দেশটির সমর্থকরা আশাবাদী হতেই পারেন দল নিয়ে। সম্প্রতি ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিকও শোনালেন আশার বাণী।
“আমি মনে করি, প্রত্যেক বিশ্বকাপেই জার্মানির নিজেদের প্রমাণ করা দরকার। আমাদের সবসময় পর্যবেক্ষণ করা হয় এবং জার্মানির উপর প্রত্যাশা অনেক বেশি। তবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। সাফল্যের নিশ্চয়তা দিতে না পারলেও আমরা নিশ্চিত করতে পারি যে, আমরা প্রতিপক্ষদের মোকাবেলা করার জন্য সম্ভাব্য সেরা অবস্থায় আছি। আমি আশা করি, ২০১৮ সালের তুলনায় আমাদের পারফরম্যান্স ভিন্ন হবে।”
২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির বিশ্বকাপ অভিযান। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী কোস্টা রিকা ও ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
ফ্লিক মনে করেন, গ্রুপে স্পেন তাদের শক্ত চ্যালেঞ্জ জানাবে। তবে শক্তি ও সামর্থ্যে পিছিয়ে থাকলেও জাপান ও কোস্টা রিকাকে হালকাভাবে নিতে নারাজ সাবেক বায়ার্ন মিউনিখ কোচ।
“(গ্রুপে) স্পেন সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কারণ তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তারা খুব পরিবর্তনশীল কৌশলে ফুটবল খেলে এবং প্রতিটি ম্যাচের জন্য তাদের নতুন পরিকল্পনা থাকে। তারা কিছু বিষয় কীভাবে করে তা দেখার বিষয় হবে। আর আমাদের জন্য কিছু ব্যাপার পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।”
“জাপানের খেলোয়াড়রা খুব অ্যাথলেটিক, দ্রুতগতিসম্পন্ন এবং বল পায়ে আত্মবিশ্বাসী থাকে। (জাপানের বিপক্ষে) ম্যাচে তাদের প্রভাব বিস্তার করা থেকে বিরত রাখার জন্য শক্তিশালী রক্ষণ থাকাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। (গ্রুপে) তারা আমাদের প্রথম প্রতিপক্ষ হবে, তাই তারা আমাদের জন্য এক রকমের মানদণ্ড হবে। আমরা এটি ইতিবাচকভাবেই কাজে লাগাব। আর কোস্টা রিকা এমন একটি দল যারা ভালো ফুটবল খেলতে পারে। তারা কিছুটা অজানা প্রতিপক্ষ, তবে তারা এমন একটি দল যারা আমাদের জন্য কাজটা যতটা সম্ভব কঠিন করে তুলবে।”
