দুর্দান্ত হলান্ডের ‘সবে শুরু’ দেখছেন ডে ব্রুইনে
যেটা করার, সেটাই ম্যানচেস্টার সিটির জার্সিতে হলান্ড করছেন বলে মনে করেন কেভিড ডে ব্রুইনে।
প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৭ গোল! মৌসুম শেষে আর্লিং হলান্ডের এই পরিসংখ্যানের পাতা কতটা ভারি হবে, তা সময়ই বলে দেবে। তবে কিছুটা ইঙ্গিত যেন দিয়ে রাখলেন তার ক্লাব সতীর্থ কেভিন ডে ব্রুইন-এটা হলান্ডের স্রেফ শুরু।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে সিটির ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেন হলান্ড। অন্য গোলটি ডে ব্রুইনের।
ক্যারিয়ারের শুরু থেকে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় যোগ দেওয়া হলান্ড সবশেষ ম্যাচে গোল করে পরিসংখ্যানের নতুন এক পাতায় আচঁড় কেঁটেছেন। ২০১৭-১৮ মৌসুমে সের্হিও আগুয়েরোর পর প্রথম সি খেলোয়াড় হিসাবে নিজেদের মাঠে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি। গোলের ফুল ফুটিয়ে চলা ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রতি ডে ব্রুইনের মুগ্ধতা দিনকে দিন বাড়ছেই।
“গোল করার জন্যই সে এখানে। সে আসলেই ভালো একটা মৌসুম কাটাচ্ছে এবং আমাদেরকে জিততে সাহায্য করছে।”
“হলান্ডের এটা স্রেফ শুরু। যেটা করা দরকার, সেটাই সে করছে। দলও ভালো করছে এবং আমরা মূলত এটাই করতে পারি।”
লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ব্রাইটন, কিন্তু ডে ব্রুইনেই সে আশার গুঁড়ে বালি ঢেলে দেন। বেলজিয়ান এই মিডফিল্ডার এ নিয়ে সিটির ১৫৩ গোলে সরাসরি সম্পৃক্ত হলেন। ৫৯ গোল নিজে করেছেন, অ্যাসিস্ট ৯৪টি।
গোলের সঙ্গে সম্পৃক্ততার এই পরিসংখ্যানের পাতায় দাভিদ সিলভার পাশে বসলেন ডে ব্রুইনে। সিটির এই তালিকায় শীর্ষে আগুয়েরো, ১৮৪ গোল করে এবং ৪৭টি করিয়ে মোট ২৩১ গোলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
