‘রিয়ালের বর্তমান দলটি আমার কোচিংয়ে সেরাদের একটি’
শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
সুদীর্ঘ কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবে। তাতে দারুণ সব স্কোয়াডকে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে কার্লো আনচেলত্তির। তবে রিয়াল মাদ্রিদের বর্তমান দলটি ইতালিয়ান কোচের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। বললেন, বেনজেমা-ভিনিসিউসদের এই দল তার ক্যারিয়ারের সেরাদের একটি।
সাবেক ইতালিয়ান ফুটবলার আনচেলত্তির খেলোয়াড়ি জীবনের চেয়েও সমৃদ্ধ তার কোচিং ক্যারিয়ার। একমাত্র কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবকটিতে (সেরি আ, লা লিগা, প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান ও বুন্ডেসলিগা)। এসি মিলান ও রিয়ালের হয়ে দুইবার করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ; কোচ হিসেবে তার চেয়ে বেশি এই শিরোপা আর কেউ জিততে পারেনি।
এসি মিলানের বিখ্যাত মালদিনি-কাকাদের দল থেকে শুরু করে চেলসি, পিএসজি, প্রথম মেয়াদে রোনালদো-রামোসদের রিয়াল- দারুণ কিছু দলের ডাগআউটে ছিলেন আনচেলত্তি। সেই তুলনায় গত মৌসুমে দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফিরে তুলনামূলক ‘সাদামাটা’ দল পান আনচেলত্তি।
২০১৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পর রিয়াল দলে টানেনি কোনো বড় তারকাকে। করিম বেনজেমা, লুকা মদ্রিদ, টনি ক্রুসরা ছিলেন বটে, তবে গত মৌসুমের শুরুতে আনচেলত্তির রিয়ালকে নিয়ে আশাবাদী লোকের সংখ্যা ছিল খুব কম।
শেষ পর্যন্ত এই দল নিয়েই বাজিমাত করেন আনচেলত্তি। জিতে নেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। বেনজেমা-ভিনিসিউস-রদ্রিগোরা যেন নতুন করে নিজেকে চেনান। আর বয়সকে তুড়ি মেরে লুকা মদ্রিচ ছিলেন সেরা ফর্মে।
এরপর গ্রীষ্মে ক্লাব ছেড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোসহ কয়েকজন। নতুন যোগ দিয়েছেন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।
দলে কিছু রদবদল এলেও এই মৌসুমে এখন পর্যন্ত দারুণ খেলছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও হারের স্বাদ পায়নি ইউরোপের সফলতম ক্লাবটি, ড্র করেছে দুটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের শীর্ষে রিয়াল।
শিরোপা ধরে রাখার অভিযানে লা লিগায়ও দারুণভাবে এগিয়ে যাচ্ছে রিয়াল। ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
রিয়ালের সবশেষ জয় এসেছে গত শনিবার লিগে সেভিয়ার বিপক্ষে। চোটের কারণে সম্প্রতি ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা না খেললেও ম্যাচটি ৩-১ গোলে জেতে আনচেলত্তির দল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, রিয়ালের এই দলকে কোচিং করাতে তার খুব ভালো লাগে।
“আমি জানি না এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে নির্ভরযোগ্য দল কিনা। তবে এটা এমন একটি দল যাদের কোচিং করাতে আমি পছন্দ করি।”
“এই দল আমাকে কোনো সমস্যায় ফেলে না…আর মানের দিক থেকে বললে, এই দলটি আমার কোচিংয়ে সেরা না হলেও সেরাদের একটি।”
রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে, লাইপজিগের বিপক্ষে।
