রামোসের লাল কার্ডের নেপথ্যে ‘কথ্য স্প্যানিশ গালি’
সের্হিও রামোস সরাসরি রেফারিকে গালি দিয়েছিলেন বলে নিশ্চিত নন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।
রেফারিকে ‘অপমান করে বলা’ সের্হিও রামোসের কথাগুলো কী ছিল, তা পরিষ্কার করেননি ক্রিস্তফ গালতিয়ে। তবে পিএসজি কোচ জানিয়েছেন, রাঁস ম্যাচে যে ‘গালি’ দিয়ে লাল কার্ড দেখেছেন সের্হিও রামোস, সেটি নাকি স্পেনে হরহামেশাই ব্যবহার করা হয়!
লিগ ওয়ানে শনিবার রাতে রাঁসের বিপক্ষে পিএসজির গোলশূন্য ড্র ম্যাচে বিরতির আগে মার্শাল মুন্তেসিকে চার্জ করার পর রেফারির সাথে বচসায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস।
এ নিয়ে লা লিগা ও লিগ ওয়ান মিলিয়ে ২১ বার লাল কার্ড দেখলেন রামোস। এ শতাব্দীতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ডিফেন্ডারদের চেয়ে অন্ততটা সাতবারের বেশি লাল কার্ড পাওয়া খেলোয়াড় তিনি।
ম্যাচের পর রামোস ইস্যু নিয়ে কথা বলেন গালতিয়ে। স্প্যানিশ ডিফেন্ডারের লাল কার্ড নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
“আমি রামোসকে খুব ভালোভাবে জানি। আমি নিশ্চিত নই, যে গালিটি সে দিয়েছে, তা সরাসরি রেফারির উদ্দেশে ছিল কি-না।”
“এটা এমন একটা অপ্রীতিকর কথা, যা ট্রেনিং গ্রাউন্ডে সবসময় শোনা যায়, স্পেনে হরহামেশাই শুনবেন। রেফারি এটি ব্যক্তিগতভাবে নিয়েছে এবং তাকে মাঠ ছাড়া করেছে। আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না।”
চলতি মৌসুমে এই নিয়ে লিগ ওয়ানে ছয়টি লাল কার্ড দেখালেন ফরাসি রেফারি পিয়ের গালুস, লিগ টু-তে ২টি।
এই ঘটনায় রামোসের লাল কার্ড প্রাপ্য ছিল না বলেও মনে করেন গালতিয়ে। বিষয়গুলো নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন বলেও জানালেন পিএসজি কোচ।
“তাদের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলব। কেননা, ম্যাচগুলোর এসব ঘটনার পরবর্তী প্রভাবও আছে। আমাদের হাতে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় থাকা প্রয়োজন। এমন অহেতুক কারণ কার্ড দেখে ম্যাচগুলো মিস করা…অবশ্যই এই দিকটা আমাদের ঠিক করতে হবে। এগুলো নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।”
চলতি লিগে দ্বিতীয়বারের মতো পয়েন্ট ভাগাভাগি করে রাঁসের মাঠ থেকে ফেরে পিএসজি। যদিও ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে তারা। পরের লিগ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের বিপক্ষে খেলবে পিএসজি। মার্সেই ম্যাচে রামোসকে পাবেন না গালতিয়ে।
