ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ডের প্রথম গোল
তরুণ ফরোয়ার্ডের গোলেই বায়ার্ন মিউনিখকে হারিয়েছে সিটি।
ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মাঠে নামার ১২ মিনিটের মাথায় গোল পেয়ে গেলেন আর্লিং হলান্ড। সেই সঙ্গে যেন জানান দিলেন, গোল করতেই ইংল্যান্ডে এসেছেন তিনি।
প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে শনিবার তার একমাত্র গোলেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারায় পেপ গুয়ার্দিওলার সিটি।
চলতি দলবদলে পাঁচ বছরের চুক্তিতে হলান্ডকে দলে টানে সিটি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিতলেও পেপ গুয়ার্দিওলা মূলত ‘ফলস নাইন’ নিয়ে অধিকাংশ ম্যাচে দল সাজাতেন। প্রথাগত সেন্টার-ফরোয়ার্ড থাকতো না বললেই চলে।
এই অভাবটা পূরণ করতেই হলান্ডকে দলে টেনেছে সিটি। ২০২০ সালের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর তিনি নিজেকে সময়ের সবচেয়ে প্রতিভাবানদের একজন হিসেবে মেলে ধরেছেন।
এদিন জ্যাক গ্রিলিশের বাঁ দিক ছোট করে বাড়ানো স্কয়ার পাস গোলমুখে পেয়ে স্লাইড করে গোলটি করেন ২২ বছর বয়সী হলান্ড।
হলান্ডের গোলক্ষুধার প্রশংসা করেছেন গুয়ার্দিওলা। তবে কিছুটা চোট সমস্যা থাকায় হলান্ডকে নিয়ে সতর্কও তিনি।
“সে গোল করেছে, যা খুব গুরুত্বপূর্ণ। গোলরক্ষকের ঠিক সামনে থেকে গোল-সবসময় দক্ষতার সঙ্গে সে পজিশন খুঁজে নেয়। এখানে সে এখনও নতুন, তার আরও ছন্দ ও সময় দরকার। তবে ৪৫ মিনিট খেলে ফেলেছে, যা দারুণ ছিল।”
আগামী শনিবার কমিউনিটি শিল্ডে এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে সিটি। ৭ অগাস্ট ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে তারা।
