ভারানের বিশ্বকাপ অনিশ্চয়তায় ‘২৪ ঘণ্টার’ অপেক্ষা
ফ্রান্সের অভিজ্ঞ ডিফেন্ডারের চোট কতটা গুরুতর, তা অবশ্য তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি এক মাসেরও কম সময়। এখন তাই খেলোয়াড়দের যেকোনো চোটেই জাগে শঙ্কা। রাফায়েল ভারানের পরিস্থিতিটাও এখন তেমনই। চেলসির বিপক্ষে চোট পেয়ে অশ্রুসজল চোখে মাঠ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার বিশ্বসেরার মঞ্চে খেলতে পারবেন কিনা, তা জানার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন তার ক্লাব কোচ এরিক টেন হাগ।
প্রিমিয়ার লিগে গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ইউনাইটেড ও চেলসির ১-১ গোলে ড্র ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফরাসি ডিফেন্ডার ভারানে।
অঘটনটি ৫৬তম মিনিটের, ম্যাচ তখন গোলশূন্য সমতায়। পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের দিকে বাড়ানো পাস দখলে নিতে গিয়ে উল্টো পায়ে ব্যথা পান ভারানে। অনেকটা সময় মাঠেই পড়ে থাকেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর তাকে তুলে নেন কোচ।
অশ্রুসিক্ত চোখে মাঠে ছাড়েন ২৯ বছর বয়সী সেন্টার-ব্যাক। চোট পাওয়ার পরপরই যেন বিশ্বকাপ ঘিরে দুর্ভাবনা জেঁকে বসে তার মনে। অনেকটা সময় হতাশা আর কষ্টে মুখ ঢেকে রাখেন তিনি।
ম্যাচের পর ভারানের চোটের ব্যাপারে জানতে চাওয়া হলে টেন হাগ বলেন, চোটের পরীক্ষার ফলাফল জানার আগে তাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।
“সে এখন কেমন আছে, তা বলা কঠিন। কারণ ম্যাচটা মাত্র শেষ হলো। আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং এরপর আমরা চোটের অবস্থা জানতে পারব। আমরা সবাই তাকে মাঠ ছেড়ে যেতে দেখেছি। এই ধরনের চোট নিয়ে, আমাদের চিকিৎসক দলকে তাদের কাজ করতে দিতে হবে এবং চোট নির্ণয় করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
“আমরা বুঝতে পারছি যে সে আবেগপ্রবণ হয়ে পড়েছে। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ (চোট কতটা গুরুতর) আমরা তা জানি না। সেটা জানা গেলে তখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।”
ভারানের চোট নিশ্চিতভাবেই ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের কপালে ভাঁজ ফেলেছে। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে তার দলের গুরুত্বপূর্ণ সদস্য রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার।
এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড দলগুলোকে জমা দিতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে।
‘ডি’ গ্রুপে ফ্রান্সের প্রথম ম্যাচ আগামী ২২ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিশিয়া।
