ভালেন্সিয়ার বিপক্ষে ‘বাড়তি চাপে ছিল’ বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার কারণে এই ম্যাচে তার দল কিছুটা চাপে ছিল বলে দাবি শাভি এরনান্দেসের।
গ্রীষ্মের দলবদলে স্কোয়াডের শক্তি বাড়ায় বার্সেলোনাকে ঘিরে বেড়েছে প্রত্যাশাও। তবে তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও তা কিছুটা ফুটে উঠেছে। অনেক কষ্টে পাওয়া জয়ের পর কাতালান ক্লাবটির কোচ শাভি এরনান্দেস বলেছেন, ইউরোপ সেরার মঞ্চ থেকে বাদ পড়ার পর উৎকণ্ঠা নিয়ে এই ম্যাচটি খেলেছেন তারা।
লা লিগায় শনিবার রাতে ভালেন্সিয়ার মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। যোগ করা সময়ে রবের্ত লেভানদোভস্কির গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে তারা।
গত সপ্তাহে চাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্স ছিল ভীষণ বাজে। ৩-০ গোলে ওই হারের ম্যাচে তাদের একটি শটও লক্ষ্যে ছিল না।
ভালেন্সিয়া ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরলেও গোলের আগ পর্যন্ত তাদের আক্রমণভাগের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। প্রতিপক্ষের গোলমুখে বারবার খেই হারায় তারা। নির্ধারিত সময়ে ১২টি শট নিয়ে বার্সেলোনা লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি। এরপর লক্ষ্যে রাখা দ্বিতীয় শটে জালের দেখা পান লেভানদোভস্কি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে শাভি বলেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার ধাক্কা এই ম্যাচে তাদের চাপে ফেলে দিয়েছিল।
“এটা খুব গুরুত্বপূর্ণ একটা জয়। একেবারে শেষ মুহূর্তে গিয়ে। আমরা কখনই নিজেদের ওপর বিশ্বাস হারাইনি। তবে, এই ম্যাচে আমরা উদ্বিগ্ন ছিলাম, অস্বস্তিতে ভুগেছি, চ্যাম্পিয়ন্স লিগের প্রভাবে। বুধবারের ধাক্কা আমাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। আমাদের ভুগেছি।“
“আমরা ভালেন্সিয়ার চেয়ে ভালো খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য। তবে আমরা খুব ভালো খেলিনি, আমরা অনুপ্রাণিত ছিলাম না, তবে এটি গুরুত্বপূর্ণ (জয়)।”
লিগে ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান ৩১।
শাভি মনে করেন, উন্নতির ধারা বজায় রেখে তাদের রিয়ালকে চাপে রাখতে হবে।
“আমাদের উন্নতি করতে হবে। সিদ্ধান্তগুলো আমাদের আরও ভালোভাবে নিতে হবে। ম্যাচটা ড্র হতে পারত এবং নাটকীয় হতে পারত। বিষয়গুলো এভাবে হওয়া উচিত নয়। আমরা অনেক উন্নতি করেছি, আমরা সঠিক পথেই আছি।”
“(জয়টা) এটি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রাপ্য ছিল। আমরা চেষ্টা করেছি, আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এটা এর পুরস্কার। লিগ টেবিলের শীর্ষে থেকে আমরা ঘুমাতে যাব এবং আমরা রিয়াল মাদ্রিদের ওপর চাপ সৃষ্টি করতে চাই।”
