২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঁসের বিপক্ষে মেসিকে পাচ্ছে না পিএসজি

পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনা ফরোয়ার্ড আগামী রোববার অনুশীলনে ফিরবেন বলে আশায় পিএসজি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2022, 07:11 PM

Updated : 07 Oct 2022, 07:39 PM

লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল পিএসজি। পায়ের চোটের কারণে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। 

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বেনফিকার বিপক্ষে পিএসজির ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। ২১তম মিনিটে দলের একমাত্র গোলটি করেন তিনি।

পরে ৮১তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। ওই ম্যাচের পর তিনি জানান, চোট নয়, ক্লান্তির কারণে মেসির ইশারা পেয়েই তাকে তুলে নেন তিনি। 

রাঁসের মাঠে আগামী শনিবার খেলবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে মেসির চোটের বিষয়টি জানান ফরাসি কোচ।

“সে চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে, তবে সে রোববার অনুশীলনে ফিরবে।” 

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন ৮টি।

মেসি ছাড়াও পিএসজির চোটের তালিকায় আরও আছেন ডিফেন্ডার নুনো মেন্দেস। পেশীর চোটে তিন সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে তাকে। আর ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ভুগছেন গলার সংক্রমণে। 

তবে রাঁসের বিপক্ষে এমবাপের খেলার সম্ভাবনা রয়েছে। গালতিয়ে জানিয়েছেন, শুরুর একাদশে না থাকলেও বেঞ্চে থাকতে পারেন ফরাসি তারকা। 

লিগে অপরাজিত থেকে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই।