২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুনেসকে গোলমুখে শান্ত থাকার পরামর্শ ক্লপের

লিভারপুল কোচের মনে হচ্ছে, অতিরিক্ত চাপ নিয়ে নেওয়ায় নিজেকে মেলে ধরতে পারছেন না উরুগুয়ের স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 08:35 PM

Updated : 08 Oct 2022, 08:35 PM

অনেক প্রত্যাশা নিয়ে লিভারপুলে পাড়ি জমানো দারউইন নুনেসের শুরুটা বেশ ভালোই হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মলিন হয়ে পড়ছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। কঠিন সময়ে তার কাঁধে ভরসার হাত রাখলেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, আরেকটু স্থির হলেই সফলতা মিলবে নুনেসের। 

গ্রীষ্মের দলবদলে বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দেন নুনেস। ২৩ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হয় ৬ কোটি ৪০ লাখ পাউন্ড। 

নতুন ঠিকানায় প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দেন নুনেস। কমিউনিটি শিল্ড শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন তিনি। 

শুরুর সেই ঝলমলে পারফরম্যান্সের ধারাবাহিকতা পরে ধরে রাখতে পারেননি নুনেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে তার গোল কেবল ২টি, সঙ্গে অ্যাসিস্ট একটি। 

গত অগাস্টে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলের ১-১ ড্র ম্যাচে প্রতিপক্ষের ইওয়াখিম আনাসনকে ঢুস মেরে সরাসরি লাল কার্ড দেখেন নুনেস। এর জন্য পান তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

লিগে রোববার আর্সেনালের বিপক্ষে খেলবে লিভারপুল। হাইভোল্টেজ ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে শুক্রবার নুনেস প্রসঙ্গে ক্লপ বলেন, অনুশীলনে যা করছেন মাঠে তা করে দেখাতে হলে গোলের সামনে আরও শান্ত থাকতে হবে নুনেসকে। 

“আমার মনে হয়, সে নিজেই নিজেকে চাপে ফেলছে। তার নিজেকে শান্ত করতে হবে। মাঠে তার মুভমেন্ট অসাধারণ এবং আপনারা যদি অনুশীলনে তার ফিনিশিং দেখেন, তাহলে বলবেন, ‘মাই গড’। তবে ম্যাচে স্পষ্টতই সে কিছুটা তাড়াহুড়ো করছে।” 

“ফিনিশিংয়ে সামর্থ্যের পুরোটা ব্যবহার করার জন্য প্রয়োজনীয় মুহূর্তে তাকে শুধু শান্ত থাকতে হবে, কিন্তু সেটা হচ্ছে না-একজন স্ট্রাইকার হিসেবে বিষয়টা তাকে অনুভব করতে হবে। এরপর সবকিছু ঠিকঠাক হবে। তাই কোনো কিছুর পরিবর্তন নয়, স্বকীয়তা ধরে রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে।” 

লিগে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে লিভারপুল। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।