২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কিকে নিয়ে এবার বায়ার্নকে হারানোর আশায় বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-বায়ার্ন ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

লেভানদোভস্কিকে নিয়ে এবার বায়ার্নকে হারানোর আশায় বার্সা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 05:38 PM

Updated : 26 Aug 2022, 05:42 PM

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মুখোমুখি লড়াইয়ের সম্ভাব্য ফল যেন এখন কারো কারো কাছে অনুমিত। বিশেষ করে স্প্যানিশ দলটির সেই ৮-২ গোলের দুঃস্বপ্নের হারের পর থেকে। ব্যর্থতার ধারাবাহিকতায় এবার ইতি টানতে মরিয়া কাতালান ক্লাবটি। রবের্ত লেভানদোভস্কিকে দলে পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা।

ইউরোপ সেরার মঞ্চে গত তিন মৌসুমে মোট তিনবার দেখা হয়েছে দল দুটির। ২০১৯-২০ আসরের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করার পর সেবার চ্যাম্পিয়নও হয় বায়ার্ন। আর গত মৌসুমে গ্রুপ পর্বে দুইবারের দেখায় দুটিতেই ৩-০ গোলে জেতে তারা।

এবারও গ্রুপ পর্বে দেখা হচ্ছে এই দুই দলের।

গত দুই মৌসুম অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাওয়া বার্সেলোনা নিজেদের গুছিয়ে নিয়েছে অনেকটা। গত কয়েক বছরে বায়ার্নের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র লেভানদোভস্কিকে নিজেদের তাঁবুতে টেনেছে দলটি। এক পোলিশ তারকাই যেন দলটার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে অনেক।

ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ আসরের ড্রয়ে বার্সেলোনা ও বায়ার্নের সঙ্গে ‘সি’ গ্রুপে আরও পড়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। চতুর্থ দলটি- চেক রিপাবলিকের ভিক্তোরিয়া প্লাজেন।

এখান থেকে কোন দুই দল নক আউট পর্বের টিকেট পায়, সেটা বড় কৌতুহল। সেই সঙ্গে বার্সেলোনা-বায়ার্ন ম্যাচ নিয়েও সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

বার্সেলোনার দিক থেকে ভাবলে, লেভানদোভস্কিকে নিয়ে প্রতিশোধের ছক কষছে দলটি। আর বায়ার্নের জন্য লড়াইটা তো লেভানদোভস্কির বিপক্ষেও। সব মিলিয়ে উত্তাপের রসদ আছে অনেক।

বার্সেলোনার সহকারী ক্রীড়া পরিচালক জর্দি ক্রুইফ মনে করেন দলে লেভানদোভস্কির উপস্থিতি এবার তাদের জন্য বড় সহায়ক হবে।

“ইতিবাচক দিক হচ্ছে, লেভানদোভস্কি আমাদের সঙ্গে আছে। তার জন্যও এটা হবে বিশেষ ম্যাচ।”

সেই ৮-২ স্কোরলাইনের ম্যাচে বায়ার্নের হয়ে লেভানদোভস্কির গোল ছিল একটি। আর গত আসরে কাম্প নউয়ে সাবেক দলের জয়ে লেভানদোভস্কি করেছিলেন জোড়া গোল। এবার তার কাজ হবে বায়ার্নের জালে বল পাঠানো।

লেভানদোভস্কি ছাড়াও রাফিনিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, ফঁক কেসিয়েদের মতো খেলোয়াড় টেনে বার্সেলোনা এবার বেশ শক্তিশালী ও আত্মবিশ্বাসী। জর্দি ক্রুইফও তাই কণ্ঠে জোর নিয়ে বললেন প্রস্তুত তারা।

“তাদের বিপক্ষে শেষ তিন-চারটি ম্যাচ খুবই কঠিন কেটেছে। কিন্তু আমরা নিজেদেরকে শক্তিশালী করেছি এবং এখন আমরা ভিন্ন দল। আমরা বায়ার্নের বিপক্ষে লড়তে প্রস্তুত।”