২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি হকিতে জয়ের ধারায় পদ্মা

টানা তিন জয়ের পর হারের তেতো স্বাদ পেল একমি চট্টগ্রাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 09:37 PM

Updated : 07 Nov 2022, 09:37 PM

আক্রমণ, পাল্টা-আক্রমণের উত্তাপ ছিল ম্যাচজুড়ে। গোলের রোমাঞ্চও ছড়াল দুই দল। শেষ পর্যন্ত একমি চট্টগ্রামকে হারিয়ে জয়ের হাসি হাসল মোনার্ক পদ্মা। 

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪-৩ গোলে জিতেছে পদ্মা। ফ্র্যাঞ্চাইজি হকির এই আসরে এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় জয় পেল তারা। 

অন্যদিকে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম। সব মিলিয়ে এটি তাদের সাত ম্যাচে দ্বিতীয় হার। 

অষ্টম মিনিটে তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় পদ্মা। দ্বিতীয় কোয়ার্টারে গোল পায়নি কোনো দল।

তৃতীয় কোয়ার্টারে জমে ওঠে লড়াই। ৩৩তম মিনিটে জার্মানির পের হিনরিচ সমতা ফেরানোর তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চট্টগ্রামকে এগিয়ে নেন ভারতের ফরোয়ার্ড দেভিন্দর বালমিকি। 

পাল্টা জবাব এই কোয়ার্টারের শেষ দিকে দেয় পদ্মা। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে সমতা ফেরানোর পর দলকে ফের লিডও এনে দেন সাইফ খান। 

চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতে বালমিকির হিট ঠিকানা খুঁজে পেলে আবারও সমতার স্বস্তি ফিরে চট্টগ্রামের তাবুতে। কিন্তু নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে জাপানি ডিফেন্ডার মিয়া তানিমিতসু পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে পদ্মার জয় নিশ্চিত হয়ে যায়।