১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

আবাহনীকে হারিয়ে দিল ফর্টিস

ম্যাচ জুড়ে নিষ্প্রাণ ফুটবল খেলে চলতি লিগে প্রথম হারের তেতো স্বাদ পেল আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল।

আবাহনীকে হারিয়ে দিল ফর্টিস

লিগে প্রথম জয়ের স্বাদ পেল ফর্টিস এফসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 05:04 PM

Updated : 30 Dec 2023, 05:31 PM

ম্যাচ জুড়েই ‘দ্বিতীয় সেরা দল’ হয়ে থাকল আবাহনী। জয়ের জন্য মরিয়া ভাব তাদের খেলায় ফুটে উঠল না তেমন একটা। প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রথম হারের তেতো স্বাদ পেল আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল। 

রাজশাহী জেলা স্টেডিয়ামে শনিবার আবাহনীকে ১-০ গোলে হারায় ফর্টিস এফসি। মোহামেডান স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা দলটি পেল প্রথম জয়ের স্বাদ। 

আর দুই ম্যাচ খেলে জয়শূন্যই রইল আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র দিয়ে লিগ শুরু করেছিল তারা।

উজ্জীবিত ফর্টিসের দেখা মেলে শুরু থেকে। তবে আবাহনীর রক্ষণে চাপ দিলেও তারা গোলের দেখা পাচ্ছিল না। অপেক্ষা ফুরায় ৩৭তম মিনিটে। 

থ্রো ইনের পর বক্সে বল পেয়ে যান পা ওমার; গাম্বিয়ার এই ফরোয়ার্ড বাড়ান স্বদেশি ওমার সারের কাছে। তার কাছ থেকে ফিরতি বল পেয়ে পা ওমার দেন বক্সে ফাঁকায় থাকা ভালেরি গ্রিসিনকে; কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইউক্রেনের এই মিডফিল্ডার। 

দ্বিতীয়ার্ধেও ছন্দে ফিরতে পারেনি আবাহনী। এমেকা ওগবাহ, ওয়াশিংতন ব্রান্দাওরাও ফর্টিস গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেনি।

৭০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করে ফর্টিস। ভালেরির বাঁ পায়ের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি গোলরক্ষক শহীদুল আলম সোহেল। কিন্তু বাকিটা সময়েও ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায়নি গত লিগে দ্বিতীয় হওয়া আবাহনী। 

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৫৫তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন ইসা ফয়সাল।

শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ শুরু করা শেখ জামাল প্রথম জয় পেল।