২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় যোগ দেওয়ার জন্য গ্রিজমানের ক্ষমা প্রার্থনা

ফরাসি এই ফরোয়ার্ড মনে করেন, কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে সমর্থকদের আঘাত দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 09:00 PM

Updated : 16 Oct 2022, 09:01 PM

অনেক নাটকীয়তার জন্ম দিয়ে অঁতোয়ান গ্রিজমানের যোগ দেন বার্সেলোনায়। আতলেতিকো মাদ্রিদ ভক্তদের সঙ্গে এতে ফরাসি এই ফরোয়ার্ডের দূরত্ব তৈরি হয়। তাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের অভিযানে নামলেন তিনি। এর অংশ হিসেবে বার্সেলোনা অধ্যায় পুরোপুরি চুকে যাওয়ার পর কাম্প নউয়ে যাওয়ায় মাদ্রিদের ক্লাবটির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন গ্রিজমান।

ক্লাব ক্যারিয়ারের সেরা সময় পার করে ২০১৯ সালে আতলেতিকো থেকে বার্সেলোনায় পাড়ি জমান গ্রিজমান। রিলিজ ক্লজের ১০ কোটি ইউরো পরিশোধ করে তাকে দলে টানে কাম্প নউয়ের দলটি।

২০১৮ সালেও গ্রিজমানের বার্সেলোনায় যোগ দেওয়ার জোরাল গুঞ্জন ছিল। এরপর দুই ক্লাবকে অপেক্ষায় রেখে গ্রিজমান জানান, তিনি একটি ডকুমেন্টারিতে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। শেষ পর্যন্ত আতলাতিকোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরের বছর সবাইকে বিস্ময়ে ভাসিয়ে তিনি যোগ দেন কাতালান ক্লাবটিতে।

বার্সেলোনায় দুই মৌসুমে প্রত্যাশা মেটাতে পারেননি গ্রিজমান। ১০২ ম্যাচে গোল করেন ৩৫টি।

এরপর গত মৌসুমে ধারে আতলেতিকোতে ফেরেন গ্রিজমান। চুক্তিতে ক্লাবটির জন্য সুযোগ রাখা হয়েছিল তাকে স্থায়ীভাবে কেনার। সেটা কাজে লাগিয়ে গত ১০ অক্টোবর ২০২৬ সাল পর্যন্ত গ্রিজমানকে স্থায়ীভাবে কেনার ঘোষণা দেয় আতলেতিকো।

এই চুক্তির পর ক্লাবের হয়ে লা লিগায় নিজের প্রথম ম্যাচে রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া গোল করেন গ্রিজমান। দুই মেয়াদে আতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ৩০৬ ম্যাচ খেলে তার গোল ১৪৫টি।

বিলবাও ম্যাচের পর গ্রিজমান স্বীকার করেন, ২০১৯ সালে বার্সেলোনায় যোগ দিয়ে তিনি আতলেতিকো ভক্তদের হতাশ করেছেন।  

“শেষ পর্যন্ত আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। আমি জানি যে, লোকেরা আমার মুখ থেকে এটি শুনতে চায়: ভক্তদের যে ক্ষতি করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

“কিন্তু আমি সবচেয়ে বড় ক্ষমা যেভাবে চাইতে চাই তা হল মাঠে, দলের জন্য সবকিছু উজাড় করে দেওয়া এবং সেটা আজকের (ম্যাচের) মতো করে।”

লিগে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে আতলেতিকো।