২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হাতে সেরার তিন পুরস্কার

২০২২ সালে আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 08:50 PM

Updated : 21 Apr 2023, 08:50 PM

২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্সের আরও স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা।

২০২২ সালে বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড।

আইএফএফএইচএস শুক্রবার তাদের ওয়েবসাইটে জানায়, আগের দিন প্যারিসে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন মেসি, যা সংস্থাটির ইতিহাসে রেকর্ড।

৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। গত ফেব্রুয়ারিতে জিতে নেন ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’।