২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল কোচের কাছে সমালোচনার প্রভাব ‘শূন্য’

সমালোচনায় বিচলিত নন কার্লো আনচেলত্তি, ভবিষ্যতের জন্য দল গড়ার চেষ্টা করছেন বলে জানালেন ব্রাজিল কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 10:13 AM

Updated : 29 Sep 2026, 10:13 AM

পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ আর সমালোচনাকে স্বাগতই জানাচ্ছেন কার্লো আনচেলোত্তি। তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না বলেই দাবি তার। ব্রাজিল কোচ বললেন, চারপাশের সমালোচনার বিন্দুমাত্র প্রভাব তার পরিকল্পনায় পড়বে না। নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে ভবিষ্যতের জন্য দল গড়ার চেষ্টা তিনি চালিয়ে যাবেন।

এবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের নতুন শুরুটাও ভালো হয়নি। গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হারতে কোনোরকমে ড্র করেছে তারা শেষ সময়ের গোলে।

ওই ম্যাচের পর ব্রাজিল দল ও আনচেলত্তির তীব্র সমালোচনা চলছে ব্রাজিলিয়ান ফুটবলে। ১৯৯৮ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়া ও ২০০২ বিশ্বকাপজয়ী তারকা দেনিলসন বলেছেন, নতুন পথচলার শুরুতে “খুবই বাজে ছাপ” রেখেছে এই ম্যাচ। ধারাভাষ্যকার গালভো বুয়েনো এই পারফরম্যান্সকে বলেছেন ‘লজ্জাজনক।’ সাংবাদিক জুজে ত্রাহানো বলেছেন, আনচেলত্তিকে এখনই বরখাস্ত করা উচিত। যদিও বিশ্বকাপের ঠিক আগে চার বছরের নতুন চুক্তি করা হয়েছে কোচের সঙ্গে।

ব্রাজিল দলে প্রত্যাশার ভার যে সবসময়ই তীব্র, তা জানেন আনচেলত্তি। তবে তিনি নিজের লক্ষ্যে অটল বলেই দাবি করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তার দল। এর আগে ব্রাজিল কোচ বললেন, চারপাশের আলোচনার মূল্য নেই তার কাছে।

“কাজের সমালোচনা পাওয়াটা ভালো। সমালোচনা সবসময়ই ছিল এবং সবসময়ই থাকবে। এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমার যে ধারণা আছে, তাতে এসবের কোনো প্রভাব পড়বে না। ভবিষ্যৎ নিয়ে আমি যা ভাবি, সেসবের ওপর সমালোচনার প্রভাব একদমই শূন্য।”

অস্ট্রেলিয়ায় যে ২৬ সদস্যের দল নিয়ে গেছেন আনচেলত্তি, তাদের ১৭ জনই ব্রাজিলের জার্সিতে ম্যাচ খেলেছে ১০টি বা এর কম। প্রথমবার দলে ডাক পেয়েছেন বেশ কজন, তাদের কয়েকজনের অভিষেক হয় আগের ম্যাচটিতে।

আনচেলত্তি সেটিই তুলে ধরে বললেন, নতুনদের পরখ করার চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ব্রাজিল কোচ কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়াকেও।

“প্রথম ম্যাচে ফলাফল আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। আমরা অন্য কিছু খুঁজছি; তরুণ ও নতুন ফুটবলারদের জায়গা ও সুযোগ দেওয়া। তাই এই দিক থেকে এটি একটি ভালো ম্যাচ ছিল।

অবশ্যই আমরা আরও ভালো খেলতে পারতাম; আমরা আরও ভালো খেলতে পারতাম। কিন্তু প্রতিপক্ষের মানও বিবেচনায় রাখতে হবে। অস্ট্রেলিয়া সত্যিই খুব ভালো খেলেছে। তারা খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। তারা খুবই আঁটসাঁট, জায়গা খুঁজে পাওয়া কঠিন।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষার চলবে বলে আগেই জানিয়ে রাখলেন আনচেলত্তি। এই মুহূর্তে তিনি এসবকেই প্রাধান্য দিদয়ে যাবেন।

“আমরা আগামীকাল (মঙ্গলবার) আবার প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আরও ভালো খেলার চেষ্টা করব। তবে এটি অন্যান্য ফুটবলারদের জন্য, বিশেষ করে সেইসব তরুণদের জন্য একটি সুযোগ হবে, যারা প্রথম ম্যাচে খেলেনি, কিন্তু তারা পরের ম্যাচে খেলবে।

এখন আমাদের অগ্রাধিকার এটাই। আমি আমার ছেলেদের আরও ভালোভাবে জানতে ও বুঝতে চাই, যাতে বড় প্রতিযোগিতাগুলোর জন্য দল নির্বাচনের সময় আমার একটি স্পষ্ট ধারণা থাকে। আমি কোনো ভুল করতে চাই না।”

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ম্যাচটি খেলে ব্রাজিল রওনা হবে ভারতের পথে। কলকাতায় তাদের প্রীতি ম্যাচ আগামী শনিবার।