২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ দল আর আগের পর্যায়ে নেই’

২০১৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপে খেলা অল্প বয়সী মনিকা-মারিয়ারা এখন ‘ভালো প্যাকেজ’ হয়ে উঠেছে বলেও মনে করেন অধিনায়ক সাবিনা খাতুন।

‘বাংলাদেশ দল আর আগের পর্যায়ে নেই’

সাফের লড়াই শুরুর আগে কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল।

কাঠমাণ্ডু থেকে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:31 PM

Updated : 05 Sep 2022, 10:12 PM

২০১৬ থেকে ২০২২। শিলিগুঁড়ি থেকে কাঠমান্ডু। সময়ের ডানায় মাঝে পেরিয়ে গেছে প্রায় ছয়টি বছর। এই সময়ে মারিয়া মান্দা-আঁখি খাতুন-কৃষ্ণা রানী সরকার হয়েছেন আরও পরিণত, আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন তাই শোনালেন আশার গান। বললেন, বাংলাদেশ দল এগিয়েছে অনেক।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক নেপাল ও ভুটানের ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। পর দিন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ।

ষষ্ঠ আসরের সাত দল নিয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাবিনা মেলে ধরলেন নিজের ভাবনা।

নতুন স্বপ্ন নিয়ে কাঠমান্ডুতে নোঙর ফেলা বাংলাদেশ দলের ২৩ জনের মধ্যে ১৯ জনই বয়সভিত্তিক দলের খেলোয়াড়। অনেকের ২০১৬ সালে শিলিগুঁড়ির আসরের সময় বয়স ছিল ১৬-এর নিচে। ২০১৯ সালে নেপালের বিরাটনগরের প্রতিযোগিতায় খেলা দলের আছে ১৫ জন।

অধিনায়ক সাবিনা, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না ও সানজিদা খাতুন ছাড়া বর্তমান দলের অধিকাংশের বয়স ২০ বছর বা তারও নিচে। কিন্তু সতীর্থদের কম বয়স নিয়ে ভাবছেন না সাবিনা। অনেকের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আশাবাদী হয়ে উঠছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। জুনিয়রদের সঙ্গে নিজের বনিবনাও ভালো বলে জানালেন অধিনায়ক।

“আমাদের অধিকাংশ খেলোয়াড় অনূর্ধ্ব-১৮ ও ১৯ থেকে এসেছে। আমাদের ইতিবাচক দিক হচ্ছে মারিয়া বা মনিকারা একটি ভালো প্যাকেজ, দীর্ঘ ৫ বছর ধরে তারা একত্রে আছে। এখন তারা একতাবদ্ধ এবং নিজেদের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো।”

“আমি মনে করি, এটা অবশ্যই দলের জন্য পজিটিভ দিক। (জুনিয়রদের সঙ্গে খেলা) এটিকে আমি উপভোগ করি। আমরা এখন গোছানো ফুটবল খেলি। আমাদের সমর্থকরাও তা উপভোগ করে।”

গ্রুপ পর্বেই পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে দেখা হবে বাংলাদেশের। শিলিগুঁড়িতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল দল। সেবারও অধিনায়ক ছিলেন সাবিনা। ভারতকে সমীহ করলেও বাংলাদেশ দল মাঝের সময়ে অনেক বদলেছে বলে মনে করেন সাফে ১৬ গোল করা এই তারকা ফরোয়ার্ড।

“ওরা পাঁচবারের চ্যাম্পিয়ন এবং আমরা সবসময় ওদেরকে গুরুত্ব দিয়ে থাকি। তবে এখনকার বাংলাদেশের ফুটবলের চিত্রটা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই এটি বলতে হবে, ২০১৬ সালের ফুটবলের চেহারাটা আর নেই। এবার ভিন্ন একটা দলকে দেখা যাবে।”