ইউভেন্তুসের চাপে দল ভেঙে না পরায় খুশি পিএসজি কোচ
চাপের মুখে নিজেদের পারফরম্যান্স মনে ধরেছে ক্রিস্তফ গালতিয়ের।
অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিযানে শুরুটা দারুণ হয়েছে পিএসজির। দুইবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইউভেন্তুসের বিপক্ষে দুর্দান্ত প্রথমার্ধের পর দ্বিতীয় ভাগে চাপে পড়লেও তা সামলে নেয় তারকাসমৃদ্ধ দলটি। খেলোয়াড়দের এই দিকটিই বিশেষ করে মনে ধরেছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
হাইভোল্টেজ ম্যাচে দলের খেলায় সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি আলাদা করে কোচ প্রশংসা করেছেন জোড়া গোল করা কিলিয়ান এমবাপের।
‘এইচ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে তুরিনের ক্লাবটিকে ২-১ গোলে হারায় পিএসজি। ২২ মিনিটের মধ্যে এমবাপের দুই গোলে এগিয়ে যায় গালতিয়ের দল। বিরতির পর ইউভেন্তুস ওয়েস্টন ম্যাককেনির গোলে সমতায় ফিরে লড়াই জমিয়ে তোলে। তবে অনেক চেষ্টা করেও আর জালের দেখা পায়নি তারা।
ম্যাককেনির গোলের পরের চার মিনিটে দারুণ দুটি সুযোগ পায় তারা। ৫৫তম মিনিটে ভ্লাহোভিচের জোরাল হেড ঝাঁপিয়ে কোনোমতে ফেরান দোন্নারুম্মা, ফিরতি বলে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন ম্যাককেনি।
এই ম্যাচের আগে ভাবা হচ্ছিল, ইউভেন্তুসের জমাট রক্ষণের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে পিএসজিকে। কেননা সেরি আয় প্রথম পাঁচ রাউন্ডে মাত্র দুটি গোল হজম করেছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল। ম্যাচ শুরু হতেই সে ধারণা পাল্টে দেন এমবাপে।
দারুণ জয়ের পর সংবাদ সম্মেলনে গালতিয়ে বললেন, গোল হজমের পর খেলোয়াড়রা যেভাবে চাপ সামলেছে, তা কাজে দেবে সামনের পথচলায়।
“প্রথমার্ধে আমাদের দারুণ কিছু মুহূর্ত ছিল এবং যোগ্য দল হিসেবেই দুই গোলের লিড নিয়েছিলাম। প্রতিপক্ষ সুযোগ তৈরি করলেও দলের পারফরম্যান্সে আমি খুব সন্তুষ্ট।”
“দ্বিতীয় গোল হজম না করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, তবে এই ধরনের ম্যাচ দিয়েই আমরা উন্নতি করব।”
২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ৫১তম মিনিটে হ্যাটট্রিক পূরণের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এমবাপে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যে শট রাখতে পারেননি তিনি। তবে নিজে শট না নিয়ে অরক্ষিত নেইমারকে যদি তিনি পাস দিতেন, হয়ত ব্যবধান বড় হতো।
সাম্প্রতিক সময়ে এই দুজনের মধ্যে দ্বন্দের খবর গণমাধ্যমে এসেছে বেশ কয়েকবার। এর মধ্যে ফাঁকায় পেয়েও এমবাপের নেইমারকে পাস না দেওয়া বিষয়টি জলঘোলা করতে পারে আরও।
গালতিয়ে অবশ্য পুরো ব্যাপারটি দেখছেন অন্যভাবে।
“এমবাপে দুর্দান্ত একটি ম্যাচে খেলেছে এবং সে গোলের জন্য পাগল। হয়তো সে ওই মুহূর্তে নেইমারকে খেয়াল করেনি, আমি ঠিক জানি না।”
