বিশ্বকাপের জন্য শুক্রবারের মধ্যে প্রাথমিক স্কোয়াড দিতে হবে ৩২ দলকে
৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড থেকেই মূল দল বাছাই করতে হবে।
কাতার বিশ্বকাপের জন্য দলগুলিকে তাদের প্রাথমিক স্কোয়াডের তালিকা জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে ফিফা। আগামী শুক্রবারের মধ্যে অবশ্যই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার কাছে এই তালিকা জমা দিতে হবে।
দল নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপে অংশগ্রহণকারী ৩২ দলকে অন্তত ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে।
২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়ার জন্য দলগুলো সময় পাবে ১৪ নভেম্বর পর্যন্ত। পরদিন ফিফা সব দলের স্কোয়াড প্রকাশ করবে।
ফিফার টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী, প্রাথমিক তালিকার খেলোয়াড়দের মধ্য থেকেই নির্বাচন করতে হবে চূড়ান্ত স্কোয়াড। পরবর্তী তিন সপ্তাহে এর বাইরে থেকে কাউকে দলে নেওয়ার সুযোগ নেই।
রয়টার্সের প্রতিবেদনে বুধবার বলা হয়, ফিফা প্রাথমিক স্কোয়াডের তালিকা প্রকাশ করবে না। তবে দলগুলো চাইলে তা জানাতে পারবে। বৈশ্বিক আসরে নিজেদের লক্ষ্য ও খেলোয়াড় নির্বাচন নিয়ে গুঞ্জনের অবসান ঘটাতে দলগুলো তালিকা প্রকাশ করার চিন্তা করতে পারে।
সাম্প্রতিক সময়ে একের পর এক চোটে জেরবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। চোটের ছোবলে গত মাসে উয়েফা নেশন্স লিগে খেলতে পারেননি দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
তবে তালিকা বড় হওয়ায় চোটে থাকা খেলোয়াড়দের প্রাথমিক দলে রাখতে পারেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। আগামী তিন সপ্তাহের মধ্যে সেরে উঠলে তাদের জায়গা মিলতে পারে মূল দলেও।
ইংল্যান্ড দল নিয়েও আলোচনা আছে বেশ। বিশেষ করে রাইট-ব্যাক পজিশন নিয়ে। সম্প্রতি নেশন্স লিগে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে দলে রাখেননি কোচ গ্যারেথ সাউথগেট। দেখার বিষয় হবে, তার বিশ্বকাপের পরিকল্পনায় লিভারপুল ডিফেন্ডারের জায়গা হয় কি-না।
ব্রাজিল কোচ তিতে সবশেষ ফিফা উইন্ডোতে তাদের দুটি প্রীতি ম্যাচের দলে রাখেননি ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড রিশার্লিসন এখন মাঠের বাইরে আছেন পায়ের পেশিতে চোটে। যদিও সম্পতি তার ক্লাব কোচ আন্তোনিও কন্তে নিশ্চিত করেন, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
দল নির্বাচনে চোট নিয়ে দুর্ভাবনা আছে আর্জেন্টিনারও। চোটে বাইরে আছেন মিডফিল্ডার আনহেল দি মারিয়া ও ফরোয়ার্ড পাওলো দিবালা।
আসছে বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার নিয়ম করেছে ফিফা। আগে সংখ্যাটা ছিল ২৩ জনের। আগে প্রাথমিক দলে রাখা যেত সর্বোচ্চ ৩৫ জনকে। এবার সেটি বেড়ে হয়েছে ৫৫।
বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর।
