১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লিভারপুলেই থাকতে চেয়েছিলেন রবার্টসন

জানুয়ারিতে তার টটেনহ্যামে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও, অ্যানফিল্ডেই থাকার সিদ্ধান্ত নেন এই স্কটিশ ডিফেন্ডার।

লিভারপুলেই থাকতে চেয়েছিলেন রবার্টসন
অ্যান্ড্রু রবার্টসন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

প্রায় এক দশক ধরে লিভারপুলে আছেন অ্যান্ড্রু রবার্টসন। গত জানুয়ারিতে তার ক্লাব ছাড়ার সম্ভাবনার খবর বের হলেও, শেষ পর্যন্ত অ্যানফিল্ডেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার বললেন, এই ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতি কখনোই নড়বড়ে হয়নি।

গত জানুয়ারিতে খবর বের হয়, রবার্টসনকে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার। লিভারপুলও তাকে বিক্রি করে দিতে আগ্রহী ছিল শুরুতে। তবে আরেক ডিফেন্ডার জো গোমেজের চোটে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ৩৩ বছর বয়সী রবার্টসন বললেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজেই।

“স্পষ্টতই (টটেনহামের) আগ্রহ ছিল, উভয় ক্লাবের সঙ্গেও আলোচনা হয়েছিল। কিন্তু আমি থাকতে চেয়েছিলাম। সেই প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছিল। আমি গত সাড়ে আট বা নয় বছর ধরে লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যতক্ষণ এখানে আমাকে প্রয়োজন হবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এটাই আমার ভাবনা। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে এবং আমি এই ক্লাবকে সবকিছু দিয়েছি।”

২০১৭ সালে হাল সিটি থেকে লিভারপুলে যোগ দেন রবার্টসন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৬৯ ম্যাচ খেলেছেন এই লেফট-ব্যাক।