১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ‍্যাম্পিয়ন্স লিগে ১ ম‍্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ

অসদাচরণের দায়ে তার মতো শাস্তি পেয়েছেন সহকারী কোচ মার্কাস জর্গও।

চ‍্যাম্পিয়ন্স লিগে ১ ম‍্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের শাস্তির কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা- উয়েফা। অসদাচরণের দায়ে চ‍্যাম্পিয়ন্স লিগে এক ম‍্যাচ নিষিদ্ধ হয়েছেন ফ্লিক, সঙ্গে জরিমানা হয়েছে ২০ হাজার ইউরো। একই শাস্তি হয়েছে সহকারী কোচ মার্কাস জর্গেরও। 

উয়েফার ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার এই শাস্তির কথা জানায়। 

গত মে মাসে চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে ৪-৩ গোলে হারে বার্সেলোনা। এতে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয় স্প‍্যানিশ ক্লাবটি। ওই ম‍্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জার্মান কোচ ফ্লিক। 

সেদিনের ঘটনায় শাস্তি হওয়ায় আসন্ন মৌসুমে চ‍্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম ম‍্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না ফ্লিক ও জর্গ।

এছাড়া ভিন্ন ঘটনায় শাস্তি পেয়েছেন বার্সেলোনার দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কি। অ‍্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী না মানায় ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে তাদের।  

মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। এছাড়া ম‍্যাচ চলাকালে আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। 

সমর্থকরা জনসাধারণ চলার পথে বাধা সৃষ্টি করায় ইন্টার মিলানকে ২২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আতশবাজি পোড়ানোয় তাদের জরিমানা করা হয়েছে ১১ হাজার ৫০০ ইউরো।