হামজার অভিষেক, শুরুর একাদশে ফিরলেন মোরসালিন
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাশিতভাবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর।
ভারত ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন কিরমানি। যাকে নিয়ে এত উচ্ছ্বাস, প্রত্যাশিতভাবে সেই হামজা চৌধুরীকে নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের সেরা একাদশ সাজিয়েছেন হাভিয়ের কাবরেরা। শুরুর একাদশে ফিরেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিনও।
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
বাংলাদেশের জার্সিতে খেলার ঘোষণা দেওয়ার পর থেকেই হামজাকে নিয়ে উন্মাদনা তৈরি হয়। তা দেশের গন্ডি ছাপিয়ে শিলংয়েও এসে পৌঁছেছে। স্থানীয় সমর্থকদের অনেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলাপচারিতায় জানিয়েছেন, সুনিল ছেত্রি ও হামজার দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকার কথা।
সেরা একাদশে পোস্টের নিচে প্রত্যাশিতভাবে আছেন মিতুল মারমা। তার সামনে রক্ষণের দেয়াল হয়ে থাকবেন তপু বর্মন, কাজি তারিক রায়হান, শাকিল আহাদ তপু ও সাদউদ্দিন।
মাঝমাঠ নিয়ন্ত্রণের ভার থাকছে হামজা, মজিবুর রহমান জনি ও মোহাম্মদ হৃদয়ের উপর। আক্রমণভাগে রাকিব হোসেনের সাথে আছেন শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমন।
গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ম্যাচের পর ভারত ম্যাচ দিয়ে সেরা একাদশে ফিরলেন মোরসালিন। এই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড থাকছে তপুর বাহুতে।
