‘এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল’
এবার ইয়ামালকে প্রশংসায় ভাসালেন চেলসির উইঙ্গার কোল পালমার।
অসাধারণ প্রতিভা আর ম্যাচের পর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই বিস্ময় বালককে নিয়ে প্রশংসার জোয়ার বেড়েই চলেছে। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারদের একজন তিনি। চেলসির উইঙ্গার কোল পালমারের চোখে তো ইয়ামালই এখন বিশ্বের সেরা ফুটবলার।
ইয়ামালকে নিয়ে মুগ্ধতার জোয়ার চলছে অবশ্য তার ক্যারিয়ারের শুরু থেকেই। গত মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে মাঠ মাতানোর পর এই মৌসুমে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিয়েছেন ১৭ বছর বয়সী উইঙ্গার।
বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগেই জাদুকরি পারফরম্যান্স উপহার দেন তিনি। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরে বার্সেলোনা বিদায় নিলেও সবার মুখে মুখে ছিল ইয়ামালের নাম। দুটি ফাইনালসহ এই মৌসুমে রেয়াল মাদ্রিদের বিপক্ষে চারবারের দেখায় সবকটিতে বার্সেলোনা জয়েও তার ছিল উল্লেখযোগ্য অবদান।
রেয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেলো, বার্সেলোনা ও স্পেনের সাবেক ফুটবলার দাভিদ ভিয়া তাকে দেখছেন আগামী ব্যালন দ’রের ফেভারিট হিসেবে।
এবার ‘স্কাই স্পোর্টস’-এ আলাপে ইয়ামালকে প্রশংসায় ভাসালেন ইংলিশ ফুটবলার পালমার।
“লামিনে ইয়ামাল? (তার পারফরম্যান্স নিয়ে) পাগলাটে ব্যাপার, তাই না? আমি সত্যিই মনে করি, (এই মুহূর্তে) বিশ্বের সেরা খেলোয়াড় সে।”
বয়সের তুলনায় যথেষ্ট পরিণত এক ফুটবলার ইয়ামাল। ২৩ বছর বয়সী পালমারও আলাদা করে বললেন সেটি।
“মাঠে সে যা কিছু করে, তাকে দেখে কেমন অনুভূতি হয়... আমি তার খেলা দেখতে সত্যিই উপভোগ করি। এটা কেবল তার কৌশল নয়, তার মানসিকতা, তার পরিণতবোধ। তার আত্মবিশ্বাস অবিশ্বাস্য এবং এই বয়সেও ভিন্ন কিছু চেষ্টা করতে ভয় পায় না সে।”
১৭ বছর বয়সে এসব কিছু করা কতটা কঠিন, এমন প্রশ্নে পালমার বলেন, “আমি জানি না, আমি কখনও চেষ্টা করিনি (হাসি)!”
