অসংখ্য সুযোগ হারানোর আক্ষেপ দেশমের
গোল না পেলেও নেদারল্যান্ডসের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ।
একের পর এক সুযোগ নষ্ট করেছেন অঁতোয়ান গ্রিজমান। দলের অন্যরাও পারেননি গোল এনে দিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিনিশিংয়ের বিবর্ণতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে। সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়লেও দলের পারফরম্যান্সে খুশি কোচ দিদিয়ে দেশম।
ইউরোতে শুক্রবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। চলতি আসরে এই প্রথম কোনো ম্যাচে দেখা মিলল না গোলের দেখা। ম্যাচটি সমতায় শেষে হওয়ায় পরের রাউন্ডে ওঠার অপেক্ষা করতে হচ্ছে ফরাসি ও ডাচদের।
ম্যাচটিতে একাই পরিষ্কার চারটি সুযোগ পেয়েছিলেন গ্রিজমান। কিন্তু একটিতেও বল জালে পাঠাতে পারেননি তিনি। এরপর অন্যরাও পারেননি গোল করে দলকে আনন্দে ভাসাতে।
ম্যাচ শেষে দেশমের কণ্ঠে আক্ষেপ ঝরল ফিনিশিংয়ের ব্যর্থতা নিয়ে। তবে দলের প্রচেষ্টা ও অনেক সুযোগ তৈরি করতে পারায় সন্তুষ্ট তিনি।
“আমার ধারণার চেয়ে তারা (ডাচরা) কিছুটা বেশি রক্ষণাত্মক ছিল। তবে আমার একমাত্র আক্ষেপ হলো আমরা যথেষ্ট দক্ষতা দেখাতে পারিনি। আমরা অনেক কিছুই করেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জাল খুঁজে পাইনি। আর জালের দেখা না পেলে আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব না।”
“আবারও, কঠিন লড়াইয়ের ম্যাচে আমরা গত পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার চেষ্টা করতে চেয়েছিলাম (অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়)। যদিও সতেজ হয়ে ওঠার খুব বেশি সময় আমরা পাইনি। আমরা যতটা কার্যকর হতে চেয়েছিলাম ততটা না থাকলেও ছেলেরা যা করেছে আমি তাতে খুশি।”
অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা ফ্রান্স গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পোল্যান্ডের বিপক্ষে, আগামী মঙ্গলবার। এই ম্যাচে ভুলগুলো শুধরে জয়ে রাঙাতে চান দেশম। বললেন, জিততে হলে গোল করতে হবে তাদের।
“হ্যাঁ, আমরা দৃঢ়, আমরা একসঙ্গে শক্তিশালী, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচ জিততে হলে আমাদের গোল করতে হবে। তাই আবারও বলছি, আমাদের একমাত্র আক্ষেপ আমরা যে অসংখ্য সুযোগ পেয়েছি, তবুও জিততে পারিনি।”
