'ঘর থেকেই শুরু' করে পরিবর্তনের বার্তা বাফুফে সভাপতিপ্রার্থী তাবিথের
নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাসহ পাতানো ম্যাচ রোধ, বাফুফের স্বচ্ছ্বতা বৃদ্ধির ক্ষেত্রে নানা পদক্ষেপ নিতে চান তাবিথ আউয়াল।
একই সাথে ব্যবসায়ী, রাজনীতিক ও ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতির পদেও তিনি ছিলেন দুই মেয়াদে (২০১২ ও ২০১৬)। এবার দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার হাল ধরতে সভাপতির পদে লড়বেন তাবিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে একান্ত আলাপচারিতায় বাফুফের নির্বাচন, দেশের ফুটবল, নারী ফুটবল, নির্বাচন ঘিরে রকমারি গুঞ্জনসহ নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বললেন। দিলেন নানা প্রতিশ্রুতি।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। ১৩৩ জন প্রতিনিধির ভোটে নির্ধারিত হবে আগামী চার বছর দেশের ফুটবলের মহাভার উঠবে কার কাঁধে। ২০২০ সালের নির্বাচনে মহিউদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ড্রয়ের পর ওই একটি পদে পুনরায় নির্বাচন হয়েছিল, সেখানে ৬৭-৬৩ ভোটে হেরেছিলেন তাবিথ। এবারের নির্বাচনে সভাপতির পদে লড়তে বৃহস্পতিবার মনোনয়ন কিনেছেন তিনি।
কাউন্সিলর হওয়ার সুযোগ ছিল আপনার সামনে। সেক্ষেত্রে নিজেকে একটা ভোট দিতে পারতেন, কিন্তু কাউন্সিলর হলেন না। পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার জন্যই কি এমন সিদ্ধান্ত?
তাবিথ আউয়াল: দেখুন, আমি সবসময় বিশেষ করে ফুটবলে একটা নীতি অনুসরণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে নিরপেক্ষতা। তো এবার মূলত যেটা হয়েছে, আমি একটা ক্লাবের পক্ষে কাউন্সিলর হতাম এবং আগামীতে বাফুফে নির্বাচনে যদি আমি প্রেসিডেন্ট পদে জয়লাভ করতে পারি… তাহলে, সেখানে নিজের ক্লাবের প্রতি একটা তো টান থাকত। ওই বায়াসনেস দুর করার জন্য এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড সৃষ্টি করার জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাউন্সিলরও হব না। আমার ক্লাবের যে প্রতিনিধি, তারও ইচ্ছা এবং স্বাধীনতা থাকবে, তিনিও আমাকে বাফুফে সভাপতি পদে দেখতে চান কি চান না।
নিশ্চিতভাবেই এটাকে পরিবর্তনের ইঙ্গিত বলতে পারেন। সবসময় যেটা বলা হয়, পরিবর্তন শুরু হোক ঘর থেকে। আপনিও বলতে পারেন, আমাদের পরিবর্তনের শুরু আমাদের ক্লাব থেকে, আমাদের ঘর থেকে। আর এই পরিবর্তন অব্যাহত থাকবে এবং আমি আশা করি, ভবিষ্যতে প্রত্যেকটা সিদ্ধান্তে, কাজে এই পরিবর্তনের প্রভাব আপনারা দেখতে পারবেন।
গত নির্বাচনে যখন মহিউদ্দিন মহির সঙ্গে আপনার ৬৫-৬৫ ভোটের ড্র হলো এবং ওই এক পদে পুনরায় হওয়া নির্বাচনে আপনি হেরে গেলেন, তখন থেকেই কি আরও বিস্তৃত প্রেক্ষাপটে কাজ করার জন্য সভাপতি হওয়ার ভাবনা?
তাবিথ আউয়াল: সবসময় আমাদের একটা চিন্তা থাকে, আমরা এখন যে জায়গাটাতে আছি, তার থেকে ভালো বা আরেকটু উঁচু জায়গায় যাওয়ার। সহজাত একটা চিন্তা ছিল সহ-সভাপতি থেকে সিনিয়র সহ-সভাপতি পদে তো নিশ্চিতভাবেই নির্বাচন করব। এটা চার বছর আগের একটা ভাবনা ছিল। কিন্তু সময়ের এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে… তখন আমি দেখলাম, যে ধরনের ভূমিকা আমি রাখতে চাই, যে ধরনের সহযোগিতা ফুটবলের দরকার, যে ধরনের কাজ ফুটবলে করতে হবে, সভাপতি হওয়া ছাড়া ওই ধরনের কাজ বাস্তবায়ন করার সুযোগ থাকবে না। তখন চিন্তা করলাম, সভাপতি পদেই দাঁড়াব।
গুঞ্জন শোনা যাচ্ছে, সভাপতি পদে আপনি হয়তো একমাত্র প্রতিযোগী হতে পারেন। ব্যক্তিগতভাবে কি আশা করেন, এখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়া প্রয়োজন?
তাবিথ আউয়াল: দেখুন, গুঞ্জন অনেক শোনা যায়, সব গুঞ্জনে যদি কান দেই বা উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে কথা কিন্তু শেষ হবে না। এর চেয়ে ভালো বাস্তবে থাকা। আমরা জানব কত জন প্রতিদ্বন্দ্বিতা করতে চায় পদগুলোতে, বিশেষ করে সভাপতি পদে। আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে, একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জিতে আসা। সেটা নির্বাচনেও… তবে যে কেউ নয়, ভালো, সমর্থ এবং ফুটবল অনুরাগী মানুষ এগিয়ে আসুক প্রার্থী হিসেবে এবং এর মধ্যে থেকে আমাদের প্রতিনিধিরা যেন সেরা জনকে বেছে নেয়।
যদি নির্বাচিত হন, তাহলে ফুটবলের গুণগত পরিবর্তনে প্রথম কোন পাঁচটি কাজ করবেন?
তাবিথ আউয়াল: ফুটবল নিয়ে আমি আসলে নির্দিষ্ট কোনো বিষয় প্রধান্য দিতে চাই না। এটা সম্মিলিত একটি বিষয়। একজন খেলোয়াড় যদি মাঠে নামে, তাহলে বাকি দশ জন ছাড়া সে কিন্তু অকার্যকর হয়ে যায়। ফুটবলের ম্যানেজমেন্ট ওভাবেই করতে হবে। এক বা পাঁচটা পয়েন্ট থাকবে না। উদ্দেশ্য কী কী থাকবে, তার কিছু বলতে পারি।
যেমন, পুরো বাংলাদেশ চাইছে, র্যাঙ্কিংয়ে যেন উন্নতি করি। র্যাঙ্কিংয়ে উন্নতি করার জন্য যদি অনেকগুলো কাজ করতে হয়, সেগুলোকে প্রাধান্য দেব। দ্বিতীয়ত, পেশাদার লিগের বাইরে অন্য টুর্নামেন্টগুলো নিয়মিত হচ্ছে না বা প্রতি বছরই কোনো না কোনো পরিবর্তন আসছে, সেখানে একটা ধারাবাহিকতা আনা। আরেকটা বিষয়, ফুটবলের যে সমর্থকগোষ্ঠী আছে, আমরা জানি যে, টিভিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করি বা খেলা দেখায়, অনেক সমর্থক আছে, স্টেডিয়ামে তারা আসছেন না বা আসতে পারছেন না বা স্টেডিয়ামে এলেও খেলাটা তারা উপভোগ করছেন না। এই সমর্থকদের নিয়েও কিন্তু আমাদের চিন্তা-ভাবনা করার সময় এসেছে।
সমর্থকদের মাঠে আসা নিয়েই যখন কথা উঠল, গত দশ বছর আমরা এমন অনেক কথা শুনেছি, ঢাকার যানজটের কারণে সমর্থকরা মাঠে আসেন না…। অথচ মেয়েদের ফুটবলে কমলাপুরের মাঠে দর্শক যায়, বসুন্ধরা কিংসের মাঠেও যায়।
তাবিথ আউয়াল: এক্ষেত্রে আমরা অতীতের অনেক অভিজ্ঞতাও কাজে লাগাব। অনেক শোনা কথাও কাজে লাগাব। সব বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগামী দিনগুলোতে সমর্থকদের মাঠে আনার জন্য আকৃষ্ট করতে হবে। সেটার জন্য ট্র্যাফিক নাকি স্টেডিয়ামের মান নাকি ম্যাচের মান নাকি এই তিনটি বিষয়ই গুরুত্বপূর্ণ, সেগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্তে যেতে হবে।
আপনি নিজেও একজন্য ব্যবসায়ী। বিনোদনের পাশাপাশি ফুটবল যেহেতু এখন একটা পণ্যও, আপনার কি মনে হয়, বাফুফে কখন এটাকে বিক্রয়যোগ্য করে তুলতে পারেনি, বা তাদের যে পলিসি, সেটা সময়োপযোগী নয়?
তাবিথ আউয়াল: বিষয়টা ঠিকই বলেছেন, তবে কিছু ক্ষেত্রে আমি একমত নই। বাফুফে তাদের পণ্য ভালোভাবেই বিপণন করেছে, হয়ত প্রতিশ্রুত পর্যায়ে পারেনি। যদি আমরা পেশাদার লিগের খেলোয়াড়দের গড় পরিশ্রমিক দেখি, সেটা কিন্তু মোটামুটি ব্যাঙ্ক বা বীমা প্রতিষ্ঠানের মাঝারি বা উঁচু পর্যায়ের কর্মকর্তাদের পরিশ্রমিকের কাছাকাছি বা সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি আমরা যদি দেখি, কত জন খেলোয়াড় খেলে, এর সঙ্গে কত জন জড়িত আছে, এটা কিন্তু একটা বিপণন। পেশা হিসেবে নেওয়ার জন্য ফুটবলকে বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে কোচ, ফিজিও আছে। সেক্ষেত্রে আমি মনে করি, ফুটবল যে একটা পেশা, সেটা বাফুফে ভালোভাবেই বিপণন করতে পেরেছে। তবে সব মিলিয়ে ফুটবল যে বড় পণ্য, বিনোদনের ক্ষেত্র, সেই জায়গায় আমাদের আরেকটু কাজ করতে হবে।
সেক্ষেত্রে যদি বলি, ২০২২ সালে মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর যে উন্মাদনা তৈরি হয়েছিল, বাফুফে তো সেটা কাজে লাগাতে পারেনি…
তাবিথ আউয়াল: এটা শতভাগ ঠিক…আমরা অনেকগুলো সাফল্য পরবর্তীতে কাজে লাগাতে পারিনি। আপনারা জানেন যে, এশিয়ান গেমসেও আমরা ভালো করেছিলাম (পুরুষ দল), দ্বিতীয় রাউন্ডে উঠেছিলাম, মেয়েদের ফুটবলে আমরা সাফ জিতেছি, অন্যান্য টুর্নামেন্টে গ্রুপ পর্বেও আমরা ভালো করেছি, বাছাই পর্বগুলোতে আগের তুলনায় ভালো করেছি, পয়েন্ট পেয়েছি, গোল করেছি, প্রতিটি ধাপে আমরা হয়তো সাফল্য ওইভাবে ধরে রাখতে পারিনি; আমাদের নীতি থাকবে, একটা সাফল্য পেলে কোনো না কোনো স্পন্সরকে বুঝিয়ে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে চলে যাওয়া, ওই উন্মাদনাটা কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি করা। উন্মাদনা যখন কমে যায়, খেলা এবং সংগঠনের ভ্যালু নিচে নেমে যায়।
আপনি একটা সময় ন্যাশনাল টিমস কমিটিতে ছিলেন। ওই সময় কী ঘাটতি ছিল? এই কমিটির দায়িত্ব ও পরিধি কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়?
তাবিথ আউয়াল: ছেলেদের জাতীয় দল নিয়ে আমার একটা চাওয়া আছে, জাতীয় দলে খেলার পরে অন্তত এক জন খেলোয়াড় যেন বিদেশের লিগে সুযোগ পায়। যদি আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে না পারি, তাহলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারব না। আমরা হয়তো একটা-দুটো ম্যাচ জিততে পারি, কিন্তু সামগ্রিক ধারাবাহিকতা থাকবে না।
দ্বিতীয়ত, আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের যে খেলার মান, আমরা অনেক সময় দেখি সেটা ওঠা-নামা করে, তো হার-জিত থাকবে, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের দল যেন ধারাবাহিকভাবে ভালো খেলা খেলতে পারে। তৃতীয়ত, একটা দল হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়া। কেননা, একটা জাতীয় দলকে দেখে যেন ভবিষ্যতের খেলোয়াড়দের একটা পাইপলাইন তৈরি হয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন মনে করতে পারে- আমি খেলাধুলার দিকেই আকৃষ্ট হতে চাই, অন্য কোনো অসামাজিক কাজে জড়াতে চাই না।
আপনি একই সাথে ব্যবসায়ী, রাজনীতিবিদ, ফুটবল সংগঠক, যদি বাফুফে সভাপতি নির্বাচিত হন, তাহলে ফুটবলের উন্নতিতে এই তিনটি পরিচয় কীভাবে কাজে লাগাতে চান?
তাবিথ আউয়াল: দেখুন, আমাদের অনেক পরিচয় থাকে, কিছু ছোট, কিছু বড়, কিছু বেশি গুরুত্বপূর্ণ, কিছু কম গুরুত্বপূর্ণ, আমি ব্যবসায়ী, ক্রীড়ার সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, পরিবার হিসেবে আমি একজনের ছেলেও, বাবাও, স্বামীও-আমার কিন্তু অনেক রকম বাধ্যবাধকতা থাকে এবং থাকাটাও স্বাভাবিক। তাই আমি মনে করি, আমাদের জীবনের প্রতিটি বিষয়কে আমরা সমান প্রাধান্য দিয়ে কোনো না কোনো সাফল্য আনতে পারব। জীবনের একেকটা ক্ষেত্র থেকে কিন্তু শেখা যায়। এক ক্ষেত্রের অভিজ্ঞতা কিন্তু আরেক ক্ষেত্রে কাজে লাগানো যায়। আমি বিশ্বাস করি, রাজনীতির ক্ষেত্রেও যেমন সফল হওয়া যায়, ক্রীড়াবিদ (সংগঠক) হিসেবেও তেমন সফল হওয়া যায়।
বিগত দিনে দূর্নীতির দায়ে বাফুফের অনেক কর্মকর্তা নিষিদ্ধ হয়েছেন, জরিমানা দিয়েছেন, নির্বাচিত হতে পারলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আপনি কী কী করতে চান?
তাবিথ আউয়াল: বাফুফের বর্তমান যে লিখিত কাঠামো, সেখানে কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। জবাবদিহিতা কম, কোনো ঝামেলা হলে বা অভিযোগ এলে, সেগুলো নিষ্পত্তি করার যে প্রক্রিয়া, সেটা যথাযথভাবে লিখিত নয়, সে জায়গাগুলোতে, গঠনতন্ত্রে আমি কিছু পরিবর্তন করতে চাই। ইতিবাচক ভূমিকা রাখতে চাই। আমাদের কিছু স্ট্রেইট এথিক্যাল গাইডলাইন থাকবে, সেটা মানতে হবে এবং বাংলাদেশের যে প্রচলিত আইন, সেটাও মানতে হবে। এই জায়গাগুলোতে এথিক্যাল স্ট্যান্ডার্ড আমরা বাড়াতে চাই। সেলফ গভার্নেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে, বাফুফে থেকেই আমাদের একটা স্বাধীন কমিটি করতে হবে, সেটা ইসির (নির্বাহী কমিটি) বাইরে বা খেলার অঙ্গনের বাইরের লোক নিয়ে, যারা তাদের জুডিশিয়্যাল মাইন্ড এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে কোনো অভিযোগ নিষ্পত্তি করবে। প্রসিকিউট করবে এবং যদি কারো দোষ পাওয়া যায়, তাহলে তারা পদক্ষেপও নেবে। তবে একই সাথে, এমন অবস্থা তৈরি করা যাবে না যে, কেউ কাজ করতে ভয় পায়, ইনোভেট করতে ভয় পায়, ঝুঁকি নিতে ভয় পায়। একজন মানুষ যেন তার আত্মসম্মানের জায়গাটাও অটুট রাখতে পারে।
এএফসি বার্ষিক একটা রিপোর্ট আসে, সেখানে ম্যাচ নিয়ে অনেক অভিযোগ থাকে। বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর ম্যাচের অভিযোগ নিয়ে বাফুফে তেমন সক্রিয় থাকে না কিন্তু ছোট দুই দলের ম্যাচ নিয়ে অভিযোগ উঠলে বাফুফে খুব সক্রিয় থাকে…।
তাবিথ আউয়াল: দেখুন, আমাদের উদ্দেশ্য থাকবে এসব ইস্যুতে কঠোর হওয়া। আমরা বুঝি, খেলা বদলাচ্ছে এবং এর সাথে সাথে অনিয়মের ধরনও বদলাচ্ছে। পাতানো ম্যাচ একটা সমস্যা-যেটা আপনি সরাসরি বললেন না, জুয়াড়িদের সংশ্লিষ্টতা, অনলাইন বেটিং-স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে-এসব বিষয়ে আমি অবগত আছি, সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে। শুধু একটা ভিডিও দেখে, একটা-দুটো অভিযোগ আমলে নিয়ে কোনো লাভ হবে না। তৃতীয়ত, ছোট ও বড় দলের ক্ষেত্রে কেউ দোষ করল, অভিযোগ এলো, কিন্তু তারাই (ছোট দলগুলো) দোষী হবে, অভিযুক্ত হবে, ভবিষ্যতে কোনো পক্ষকেই এভাবে নিরাশ করা হবে না। যারা ওই অপরাধ দেখে প্রতিবাদ করেনি, বা পেট্রোনাইজ করেছে, তাদেরকেও হুঁশিয়ার করতে হবে। দোষ কারো ক্ষেত্রে সীমিত থাকবে না, যারা যারা দোষ, অপরাধ করবেন, তাদের সবার ক্ষেত্রে একই বিচার হবে। যারা নির্দোষ থাকবেন, তাদেরও সেটা প্রমাণ করার একটা জায়গা থাকবে। তাহলে তদন্ত নিয়ে কারো ক্ষেত্রে কোনো ভয় থাকবে। তারা বরং এটা চেয়ে নেবে, বলবে-তদন্ত আমার ব্যাপারে করেন। তদন্তে নির্দোষ হলে তো তিনি ক্লিনশিট পেতে পারেন।
অতীতে সভাপতিদের কণ্ঠে শুনেছি, বাংলাদেশ এই বিশ্বকাপ খেলবে, আপনি কি এরকম প্রতিশ্রুতি দিবেন, নাকি বাংলাদেশকে আপনি প্রথমে এশিয়ান পর্যায়ে দেখতে চান?
তাবিথ আউয়াল: দেখুন, বিশ্বকাপ খেলার স্বপ্ন সবার থাকে, থাকা উচিত। বিশ্বকাপ সামনে রেখে যদি না এগোই, তাহলে, কখনই সেটা পূরণ করতে পারব না। যেখানে আছি, তা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার মতো হয়ে যাবো। এখন আপনি যদি এশিয়ার সেরা আট দলের মধ্যে থাকতে পারেন, তাহলে বিশ্বকাপে খেলার একটা মোটামুটি জায়গা তৈরি হয়। আমাদের লক্ষ্য থাকবে, বিশ্বকাপ বাছাইয়ে যেন বাংলাদেশ দ্বিতীয় ধাপে যেতে পারে, এটাও বিশ্বকাপের অংশ, হয়তো আমরা মূল পর্বে খেলছি না, এখন থেকে বাংলাদেশকে বাছাইয়ে ধারাবাহিকভাবে প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য দল প্রস্তুতি রাখতে হবে।
বয়সভিত্তিক দল নিয়ে আপনার ভাবনা?
তাবিথ আউয়াল: এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভবিষ্যৎ খেলোয়াড় তৈরি করতে চাই, পাইপলাইনে খেলোয়াড় রাখতে চাই, খেলাটার উন্নতি করতে চাই, সেক্ষেত্রে লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং বয়সভিত্তিক দলগুলোর উন্নতি মেয়ে ও ছেলে দুই বিভাগে-এই দুই জায়গাগুলোতে আমাদের ফোকাস রাখতে হবে। এই জায়গাতে আমাদের ন্যাশনাল টিমে যারা কোচ আছে, ফিজিও আছেন, তারাও কিন্তু অনেক সময় অভিযোগ করেন, তারা যেসব খেলোয়াড় পাচ্ছেন, তারা ডেভেলপমেন্টের দিক থেকে পিছিয়ে আছে, গেম, স্ট্র্যাটেজির সাথে তারা সহজে নিজেদের মানিয়ে নিতে পারে না।
বাফুফে একাডেমি নিয়ে…
তাবিথ আউয়াল: আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, বাফুফের কাজ খেলোয়াড় তৈরি করা নয়। বাফুফের কাজ খেলোয়াড় তৈরির পরিবেশ তৈরি করে দেওয়া। বাফুফেকে কাজে লাগাতে হবে একাডেমি ডেভেলপমেন্টের দিকে, ক্লাবগুলোকে তাদের জুনিয়র দলগুলোর ডেভেলপমেন্টের দিকে, নজর দিতে হবে এলিট ট্রেনিং সেন্টারের দিকে, সেখানে দ্বিতীয় বা তৃতীয় পক্ষকে এগিয়ে আসতে হবে ব্যাপক আকারে স্কাউটিং করে খেলোয়াড়দের ডেভেলপমেন্ট করার জন্য। যদি আমরা ১১ বা ২২ জন খেলোয়াড় নিয়ে থাকি, পুরো দেশকে বঞ্চিত করি, এই ১১ বা ২২ জনের উপর ফোকাস রাখি, তাহলে আমরা কিন্তু আমাদের দৃষ্টি হারিয়ে ফেলব। ১৮ কোটি মানুষের দেশে ১১ জন খেলোয়াড় প্রতিনিয়ত পাওয়া যায়। যেখানে আইসল্যান্ড বা স্যান ম্যারিনো ৮ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বকাপ খেলতে পারে, বাংলাদেশ অবশ্যই এরচেয়ে ভালো করতে পারে।
নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তার বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। এ দিকটি নিয়ে কী ভাবছেন আপনি?
তাবিথ আউয়াল: আমাদের ভাবনা পরিবেশের উন্নতি। যখন মেয়েদের জন্য ধারাবাহিকভাবে লিগ আয়োজন করা হবে, ধারাবাহিক টুর্নামেন্ট করা হবে, যখন এই টুর্নামেন্ট ও লিগের মাধ্যমে কিছু কিছু সুপারস্টার তৈরি হবে, তখন এই পেশা থেকে মেয়েদের আর্থিক নিরাপত্তা অবশ্যই চলে আসবে। সেটা বেতনের মাধ্যমে আসতে পারে, স্পন্সরদের মাধ্যমে আসতে পারে। অথবা বিদেশের লিগে খেলার মাধ্যমেও আসতে পারে। আবারও বলছি, নির্দিষ্ট কাউকে (পৃষ্ঠপোষক) চিহ্নিত করে বেতনের বিষয়টি নিশ্চিত করা কোনোভাবেই সফল হবে না এবং সম্পদের একটা বড় অপচয় হবে সেটা।
বিদেশে থাকা বাংলাদেশি ফুটবলারদের জাতীয় দলে খেলানোর বিষয়ে আপনার ভাবনা…
তাবিথ আউয়াল: আমি যেটা সবসময় বলে আসছি, ফুটবল ফুটবলের মতো খেলতে হবে। এমনকি যদি বিদেশে জন্ম নেওয়া কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নেয়, সেও কিন্তু জাতীয় দলে খেলতে পারে। বিদেশে জন্ম নেওয়া, বড় হওয়া, বাংলাদেশি বংশোদ্ভূত, তারাও যদি বাংলাদেশের জন্য খেলতে চায়, তাদের খেলতে দেওয়া বাংলাদেশের জন্য ভালো হবে। বাংলাদেশি যারা আছে, বিদেশে খেলছে, তাদেরকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য আমাদের জোর চেষ্টা থাকবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের জাতীয় দল (সবার জন্য) হবে উন্মুক্ত। বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া যেকোনো ব্যক্তিকে দলে খেলানোর চেষ্টা করব।
শেষ প্রশ্ন নির্বাচন ঘিরেই, কাজী সালাউদ্দিনের কমিটিতে আপনি একটা সময় ছিলেন। এবার আপনি নির্বাচন করছে। গুঞ্জন আছে, আপনি দায়িত্বে এলে তেমন কোনো গুণগত পরিবর্তন আসবে না। বিষয়গুলো আগের মতোই থাকবে…
তাবিথ আউয়াল: অনেকে অনেক অভিযোগ করতে পারেন, আমি স্বাগত জানাই। যেহেতু তারা মনে করেন, নিজেদের জায়গাতে উনারা সঠিক, উনাদের দৃষ্টিভঙ্গিতে উনারা ভালো ভূমিকা রাখতে পারবেন, আমি তাদের জন্য আহ্বান জানাই, আপনারা নির্বাচন করুন, নির্বাচন করে আপনারা এই বিষয়গুলো প্রতিনিধিদের জানান, তারা বিবেচনা করুক, আগামীতে আপনাদের দায়িত্ব দিলে ফুটবল কীভাবে লাভবান হবে। শুধু ঢালাওভাবে অভিযোগ করার ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করতে চাই না।
